কলকাতা: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খোলা ঘিরে ধুন্ধুমার কাণ্ডের পর এবার আইনি লড়াইয়ে নামল রাজ্যের শাসকদল। কলকাতা পুরসভার এই পদক্ষেপের বিরুদ্ধে শুক্রবার সকালে সরাসরি কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। আদালতে তৃণমূলের তরফে দাবি করা হয়, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ পুরসভার কর্মীরা অফিসে ঢুকে জোরপূর্বক সাইনবোর্ড ভেঙে দেওয়ার কাজ করেন। এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পরামর্শ মেনেই তাঁরা বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান। তবে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, নিয়মানুযায়ী আগে মামলার সঠিক নম্বর নিয়ে আসতে হবে। নম্বর নথিভুক্ত হলে এবং অন্য পক্ষকে বিষয়টি জানানো হলে তবেই আজ জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি সম্ভব হবে।
ক্যামাক স্ট্রিটে প্রায় ৩ হাজার স্কোয়ার ফুটেরও বেশি এলাকা জুড়ে তৈরি অভিষেকের এই রাজনৈতিক কার্যালয়ের মাথায় থাকা ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা বিতর্কিত বোর্ডটি বৃহস্পতিবার সন্ধ্যায় খুলে দেয় পুরসভা। তবে এই অপসারণকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ক্যামাক স্ট্রিট চত্বর। তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও পুর আধিকারিকদের দফায় দফায় ধস্তাধস্তি বাধে, এমনকী পুরকর্মীদের রুখতে সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ অন্যান্যদের সিঁড়িতে শুয়ে পড়তে দেখা যায়। পুলিশের কাজে বাধা দেওয়া ও নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও পুরসভা বোর্ডটি খোলার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সেখানে ফের নতুন সাইনবোর্ড বসিয়ে দেয়, যার জল এবার গড়িয়েছে আদালতের এজলাসে।
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন