সোশ্যাল মিডিয়ার ‘লাল’ ঝড় কি আছড়ে পড়বে ভোটবাক্সে? কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে বিশেষ আর্জি দীপ্সিতার
ভোটের লড়াইয়ে বামেদের লড়াই এখন যতটা না ময়দানে, তার চেয়েও বেশি সোশ্যাল মিডিয়ায়— বিরোধীদের এই দীর্ঘদিনের কটাক্ষকেই এবার মোক্ষম হাতিয়ার করতে চাইছেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে নতুনত্ব আনতে কন্টেন্ট ক্রিয়েটরদের দ্বারস্থ হলেন তিনি। দীপ্সিতার সাফ বার্তা, শুধু দেওয়াল লিখন বা মিছিলে নয়, এবার বামেদের লড়াইয়ে শামিল হতে হবে ডিজিটাল দুনিয়াতেও। এলাকার জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে রিল বা ভিডিও বানিয়ে জনমত তৈরির ডাক দিয়েছেন এই বাম নেত্রী।[TECHTARANGA-POST:8102]সোশ্যাল মিডিয়ায় দীপ্সিতার পেজ থেকে সম্প্রতি একটি পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে স্পষ্ট লেখা— ‘দীপ্সিতা ধরকে জেতাতে চাও? সোশ্যাল মিডিয়ায় আমাদের লড়াইয়ে শামিল হও।’ এই আহবানে সাড়া দিয়ে দমদম উত্তরের স্থানীয় সমস্যা যেমন জলমগ্ন রাস্তা, নিকাশি ব্যবস্থা বা কর্মসংস্থানের অভাব নিয়ে ছোট ভিডিও বা পোস্টার তৈরি করার অনুরোধ জানানো হয়েছে। ক্রিয়েটরদের বলা হয়েছে, ভিডিও বানিয়ে সরাসরি দীপ্সিতার প্রোফাইলে কোলাবোরেশন রিকোয়েস্ট পাঠাতে। লক্ষ্য একটাই— সাধারণ মানুষের কাছে আরও আধুনিক উপায়ে পৌঁছানো এবং এলাকার সমস্যার কথা তুলে ধরা।[TECHTARANGA-POST:8100]বামেদের এই ‘ডিজিটাল বিপ্লব’ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের একাংশ দীপ্সিতার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানালেও, বিরোধীদের প্রশ্ন— সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে কি বাস্তবের ‘শূন্য’ থেকে মুক্তি পাওয়া সম্ভব? দীপ্সিতা অবশ্য আত্মবিশ্বাসী। তাঁর মতে, নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে গেলে তাঁদের ভাষাতেই কথা বলতে হবে। ডিজিটাল দেওয়াল লিখন আর ভিডিও বার্তার এই লড়াই আগামী ৪ মে ভোটগণনার দিন বামেদের ভাগ্যে কোনও বদল আনতে পারে কি না, এখন সেটাই দেখার।