'নতুন তৃণমূল' গড়তেই সন্দীপনের বাড়ি ঘেরাও! ছবিতে জুতোর বাড়ি, চোর চোর স্লোগান তুলে রণক্ষেত্র এন্টালি, নেপথ্যে কারা?
কলকাতা: 'নতুন তৃণমূল' আত্মপ্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চরম উত্তেজনা রাজ্য রাজনীতিতে! বিধানসভার নবনিযুক্ত ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি। বিধায়ক সন্দীপন সাহা এবং তাঁর বাবা, প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বিরুদ্ধে একযোগে দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ ও তোলাবাজির অভিযোগ তুলে এদিন কলকাতার এন্টালি এলাকায় কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি করে গেরুয়া শিবির। দলত্যাগী এবং বিদ্রোহী নেতাদের ওপর চাপ বাড়াতে সাতসকালেই এই হাই-ভোল্টেজ বিক্ষোভ কর্মসূচি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।[TECHTARANGA-POST:9732]বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে দলের কর্মী-সমর্থকেরা সন্দীপন ও স্বর্ণকমলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজপথে নামেন। পোস্টার এবং ব্যানার হাতে একটি বিশাল মিছিল করে বিজেপি কর্মীরা সরাসরি তৃণমূলের বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে পৌঁছে যান এবং সেখানে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বিক্ষোভ চলাকালীন সন্দীপনের ছবিতে জুতো মারতেও দেখা যায় এক বিজেপি কর্মীকে। বাড়ির সামনে দাঁড়িয়ে লাগাতার 'চোর চোর' স্লোগান তুলতে থাকেন আন্দোলনকারীরা।[TECHTARANGA-POST:9721]উল্লেখ্য, ঠিক আগের দিনই বিধানসভায় প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবির, যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘নতুন তৃণমূল’। আর এই দলেরই অন্যতম প্রধান মুখ তথা ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা। সম্প্রতি দলবিরোধী কাজের জন্য তৃণমূল থেকে বহিষ্কৃত হলেও ৫৮ জন বিধায়কের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছেন তিনি।[TECHTARANGA-POST:9712] নতুন দল আত্মপ্রকাশের পরদিনই বিজেপির এই আক্রমণাত্মক মেজাজকে অবশ্য আমল দিতে নারাজ সাহা পরিবার। প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে কড়া ভাষায় কটাক্ষ করে স্বর্ণকমল সাহা দাবি করেছেন, নির্বাচনে বারবার হারের পর চরম হতাশা থেকেই বিজেপি নেত্রী সস্তা প্রচারের আলো পেতে এই ধরনের অনভিপ্রেত কাণ্ড ঘটাচ্ছেন। তবে নতুন রাজনৈতিক দল গঠনের পরদিনই সন্দীপনের দুয়ারে বিজেপির এই হানা রাজ্যের বর্তমান রাজনৈতিক ডামাডোলকে যে আরও উস্কে দিল, তা বলাই বাহুল্য।