Hidden Stories (বাংলা)

চাকরি হারিয়ে চরম অবসাদ! কেষ্টপুরের খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার

কেষ্টপুর: কর্মহীন জীবনের গ্লানি সহ্য করতে না পেরেই কি আত্মহত্যার পথ বেছে নিলেন এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার? কেষ্টপুরের বাগজোলা খালে ঝাঁপ দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। নিখোঁজ যুবকের নাম অরিন্দম সেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অরিন্দম গত শনিবার বিকেল থেকে নিখোঁজ। এখনও পর্যন্ত তাঁর দেহ উদ্ধার না হওয়ায় পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উৎকণ্ঠা বাড়ছে।[TECHTARANGA-POST:10885]নিখোঁজ যুবকের পরিবার সূত্রে জানা গেছে, কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা অরিন্দম শনিবার বিকেলে একটি লাল ব্যাগ ও চায়ের ফ্লাস্ক হাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয় ও বন্ধুদের কাছে খোঁজ নিয়ে কোনো তথ্য না পাওয়ায় তাঁরা এলাকার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের কথার ভিত্তিতে জানতে পারেন, শেষবার বাগজোলা খালের ধারেই তাঁকে দেখা গিয়েছিল। পরিবারের আশঙ্কা, কোনো এক কঠিন মুহূর্তে খালের জলে ঝাঁপ দিয়েছেন ওই তরুণ।[TECHTARANGA-POST:10882]পুলিশ ও পরিবার সূত্রে খবর, বেশ কয়েক মাস আগেই অরিন্দমের চাকরি চলে গিয়েছিল। মেধাবী এই যুবক নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, তাই আচমকা কর্মহীন হয়ে পড়া তাঁর মনে গভীর অবসাদ তৈরি করেছিল। দীর্ঘদিনের সেই হতাশা থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। শনিবার রাত থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিড বোট নিয়ে বাগজোলা খালের জলে তল্লাশি অভিযান শুরু হয়েছে। রবিবারও দিনভর চলে উদ্ধারকাজ, কিন্তু ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও খালের অতল থেকে এখনও তাঁর সন্ধান মেলেনি। স্থানীয় থানা পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং যুবকের ঘনিষ্ঠ বন্ধুদের সাথেও কথা বলা হচ্ছে। একটি উজ্জ্বল ভবিষ্যৎ কেন নিমেষের অন্ধকারে হারিয়ে গেল, তা নিয়ে শোকের ছায়া রবীন্দ্রপল্লিতে।

চাকরি হারিয়ে চরম অবসাদ! কেষ্টপুরের খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার