'হর্ন দিয়েছিলাম, সরেনি কেন?' SUV নিয়ে ৫ জনকে ধাক্কা মেরে পথচারীদেরই ধমক বিধায়ক-পুত্রের!
ক্ষমতার দম্ভ নাকি চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা? বিজেপি বিধায়ক প্রীতম লোধির পুত্র দীনেশ লোধির কীর্তিতে এখন এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের শিবপুরীতে বিধায়কের নাম লেখা এবং নীলবাতি লাগানো একটি এসইউভি গাড়ি নিয়ে রীতিমতো তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ট্র্যাফিক আইনের তোয়াক্কা না করে এঁকেবেঁকে গাড়ি চালানোর সময় প্রথমে একটি বাইকে ধাক্কা মারেন দীনেশ, যাতে ছিটকে পড়েন তিন আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুই মহিলাকেও ধাক্কা মারে গাড়িটি। কিন্তু ঘটনার ভয়াবহতার চেয়েও বেশি চমকে দিয়েছে দুর্ঘটনার পর বিধায়ক-পুত্রের উদ্ধত আচরণ।[TECHTARANGA-POST:8087]স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে গাড়িটি ঘিরে ধরলে অনুতপ্ত হওয়ার বদলে মেজাজ দেখাতে শুরু করেন দীনেশ। উত্তেজিত জনতার সামনে দাঁড়িয়ে তাঁর সাফাই ছিল, "আমি তো হর্ন দিয়েছিলাম, সাইরেন বাজাচ্ছিলাম, ওরা সরেনি কেন?" এমনকি নিজেকে বিধায়কের ছেলে পরিচয় দিয়ে স্থানীয়দের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অমানবিক আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে। দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হলেও প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মাথা ও হাত-পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:8083]এই ঘটনায় ইতিমধ্যেই কারেরা থানায় দীনেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, ছেলের এই কুকীর্তিতে তাঁর পাশে দাঁড়াননি শিবপুরীর বিধায়ক প্রীতম লোধি। কিছুটা কড়া সুরেই তিনি জানিয়েছেন যে, তাঁর কাছে পরিবারের চেয়ে সাধারণ মানুষের স্বার্থ বড়। ছেলে অন্যায় করলে আইন অনুযায়ী শাস্তি পাবে এবং আহতরা যাতে সঠিক বিচার পায় সেদিকেই তিনি গুরুত্ব দিচ্ছেন। ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের নিরাপত্তার তোয়াক্কা না করা এই ঘটনাটি বর্তমানে রাজ্য রাজনীতিতে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।