রক্তদান শিবিরে ভুয়ো ‘মেডিক্যাল অফিসার’ সেজে বসলেন ডাক্তারি পড়ুয়ারা! পর্দা ফাঁস হতেই কড়া পদক্ষেপ ন্যাশনাল মেডিক্যালের
কলকাতা: রক্তদান শিবিরের মতো অত্যন্ত সংবেদনশীল স্বাস্থ্য পরিষেবা মঞ্চে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার সেজে দায়িত্ব পালনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। ডাক্তারি পাঠ শেষ না করেই শিবিরের নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার অভিযোগে সংশ্লিষ্ট পড়ুয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলেজ কর্তৃপক্ষ। ভবিষ্যতে এমন মারাত্মক অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আনুষ্ঠানিকভাবে হুঁশিয়ারি জারি করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।নিয়ম অনুযায়ী, কোনও রক্তদান শিবিরে মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গেলে সম্পূর্ণ ডিগ্রিপ্রাপ্ত নিবন্ধিত চিকিৎসক হওয়া বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি সিআইটি রোডের একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ন্যাশনাল মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন পড়ুয়া নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সরাসরি ‘মেডিক্যাল অফিসার’-এর চেয়ার দখল করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই চিকিৎসা মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। কীভাবে একজন অনভিজ্ঞ পড়ুয়া চিকিৎসকের সমতুল্য দায়িত্ব পালন করতে পারেন, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করে।ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত ময়দানে নামে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত পড়ুয়াদের চিহ্নিত করে স্বাস্থ্য ভবনে তলব করা হয় এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এরপরই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত পড়ুয়াকে সতর্ক করে দেন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, পড়ুয়া অবস্থায় কোনও অবস্থাতেই রক্তদান শিবিরে মেডিক্যাল অফিসারের ভূমিকা পালন করা যাবে না; নির্দেশ অমান্য করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।