বেনিয়মে পদোন্নতিতে কড়াকড়ি, সরকারি কর্মীদের কী নির্দেশ দিল নবান্ন?
রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি কীভাবে হয়েছে, তা নিয়ে এবার কড়া নজর নবান্নের। পরীক্ষা না দিয়ে কিংবা নিয়ম ভেঙে পদোন্নতি পাওয়ার অভিযোগে একাধিক ক্ষেত্রে নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যাঁরা নিয়ম বহির্ভূতভাবে লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) থেকে আপার ডিভিশন ক্লার্ক (ইউডিসি) পদে উন্নীত হয়েছেন, তাঁদের চাকরি বাতিল করা হচ্ছে না ঠিকই, তবে বেশ কিছু শর্ত চাপানো হয়েছে। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থদপ্তর।[TECHTARANGA-POST:10781]২০১৯ সালের ২৪ জানুয়ারি থেকে রাজ্যে ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (রিক্রুটমেন্ট টু ক্লারিক্যাল ক্যাডার) রুলস, ২০১৯’ কার্যকর হয়। সেই নিয়ম অনুযায়ী, ৫০ বছর বয়স পেরোলেও কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষায় ছাড়ের সুযোগ তুলে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, ওই নিয়ম কার্যকর হওয়ার পরও বহু কর্মীকে ভুলভাবে ছাড় দেওয়া হয় এবং তাঁদের এলডিসি বা ইউডিসি পদে পদোন্নতি দেওয়া হয়। পালাবদলের পর সেই সমস্ত পদোন্নতির নথি খতিয়ে দেখে নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে যাঁদের পদোন্নতি হয়েছে, তাঁদের সরাসরি পুরনো পদে ফিরিয়ে দেওয়া হবে না। এমনকি তাঁদের বেতনও কাটা হবে না। তবে আপাতত তাঁদের বর্তমান পদকে ‘এক্স-ক্যাডার পোস্ট’ হিসেবে গণ্য করা হবে।[TECHTARANGA-POST:10778]ওই কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট (NSATI)-এর অধীনে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা দিতে হবে এবং তাতে উত্তীর্ণ হতে হবে। যতদিন না তাঁরা পরীক্ষায় পাশ করছেন, ততদিন তাঁদের কোনও নতুন বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট দেওয়া হবে না। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তাঁরা পরবর্তী আর্থিক সুবিধা পাবেন। তবে যাঁদের একসময় নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি হয়েছিল এবং বর্তমানে অবসরপ্রাপ্ত, তাঁদের ক্ষেত্রে নতুন করে কোনও পদক্ষেপ করা হবে না। আবার কোনও কর্মী যদি অবসরের একেবারে দোরগোড়ায় পৌঁছে যান, সেক্ষেত্রে তাঁকে পরীক্ষায় বসতে নাও হতে পারে। তবে সেই ক্ষেত্রে পরীক্ষা থেকে ছাড়ের প্রস্তাব অর্থদপ্তরে পাঠাতে হবে এবং প্রতিটি বিষয় আলাদা করে বিবেচনা করা হবে। এছাড়া যে সমস্ত কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের গ্র্যাচুইটি বা অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে পদোন্নতির বিষয়টি কাল্পনিকভাবে পুনর্বহাল করা হবে বলেও জানানো হয়েছে।