দোলের আনন্দ পরিণত হলো বিষাদে: গঙ্গার ঘাটে বন্ধুদের বাঁচাতে গিয়ে নিখোঁজ ৪ জন
ভাটপাড়ার গঙ্গার ঘাটে দোল উৎসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো। দোল খেলে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন চারজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার বলরাম সরকার গঙ্গার ঘাটে। নিখোঁজদের মধ্যে রয়েছেন দুই যুবক ও এক যুবতী। তাঁদের বাঁচাতে গিয়ে সৌরভ সরকার নামে স্থানীয় আরও এক যুবকও গঙ্গায় তলিয়ে যান বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:6960]স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দোল খেলা শেষ করে ৫-৬ জন বন্ধু মিলে গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিলেন। সাঁতার কেটে ঘাট থেকে কিছুটা দূরে যেতেই স্রোতের টানে নিখোঁজ হয়ে যান সৈকত নন্দী (৩২), সৌরভ নন্দী (২৭) এবং কলকাতার বাসিন্দা দীপশিখা দাস রজক (২০)। সৈকত ও সৌরভ দুজনেই ভাটপাড়া পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মাদরাল গভর্মেন্ট কলোনির বাসিন্দা। তাঁদের তিনজনকে ডুবতে দেখে পাড়ে বসে থাকা সৌরভ সরকার নামের ওই যুবক তৎক্ষণাৎ উদ্ধারের জন্য গঙ্গায় ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও আর ফিরে আসেননি।[TECHTARANGA-POST:6954]ঘটনার খবর পেয়েই ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নামানো হয় ডুবুরি। গতকাল সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছিল। আজ সকাল থেকে পুনরায় তল্লাশি শুরু হয়েছে। এদিকে সৌরভের মা কান্নায় ভেঙে পড়ে জানান, তাঁর ছেলে প্রায়ই বিকেলে ওই ঘাটে বসে থাকত, অন্যদের বিপদ দেখে বাঁচাতে গিয়েই সে নিজে তলিয়ে গেল।[TECHTARANGA-POST:6957] এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তিনি গোটা ঘটনায় পুলিশের নজরদারির অভাব ও গাফিলতির অভিযোগ তুলেছেন। উৎসবের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় এখন শোকের ছায়া।