বালুরঘাটে পা রেখেই বিরাট চমক! বদলে যাচ্ছে গোটা জেলার ভাগ্য, সুকান্তর বাসভবনে বসেই ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
বালুরঘাট: মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মসনদে বসার পর প্রথমবার দক্ষিণ দিনাজপুর সফরে এসেই জেলাবাসীকে এক ঐতিহাসিক জোড়া উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার প্রশাসনিক পর্যালোচনা সভার পাশাপাশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন তিনি। সেখান থেকেই বালুরঘাটের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তিনি ঘোষণা করেন, অতি দ্রুত বাণিজ্যিক উড়ানের জন্য পুরোপুরি সচল করা হচ্ছে বহু প্রতীক্ষিত বালুরঘাট বিমানবন্দর। একই সঙ্গে জেলা হাসপাতালের জমিতে প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজের ভূমিপুজো ও জোরকদমে নির্মাণকাজ শুরু করার নির্দেশ দেন তিনি।[TECHTARANGA-POST:12216]এদিন প্রশাসনিক কর্মসূচির মাঝেই রাজনীতির অলিন্দে নজরকাড়া এক মেলবন্ধন দেখা যায়। মধ্যাহ্নভোজনে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে দুই শীর্ষ নেতার সাক্ষাৎকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। সুকান্ত মজুমদারের বাড়িতে মুখ্যমন্ত্রীর জন্য এলাহি বাঙালি ভোজের আয়োজন করা হয়েছিল। মেনুতে ছিল সাদা ভাত, পাট শাক ভাজা, শুক্তো, পোস্ত, বালুরঘাটের বিখ্যাত রাইখোর মাছ ভাজা, ময়া মাছের চচ্চড়ি, কাতলা, ইলিশ এবং দেশি মুরগির মাংস। মিষ্টিমুখের জন্য রাখা হয়েছিল নয়াবাজারের বিখ্যাত দই, চাটনি ও রসগোল্লা।[TECHTARANGA-POST:12237]দক্ষিণ দিনাজপুরকে ঘিরে এই মেগা ঘোষণার পর থেকেই গোটা জেলায় উৎসবের মেজাজ তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা বালুরঘাট বিমানবন্দরটি এবার বাণিজ্যিক উড়ানের উপযোগী করে চালু হলে কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এক লহমায় সহজ হয়ে যাবে। অন্যদিকে, নিজস্ব মেডিক্যাল কলেজ গড়ে উঠলে চিকিৎসার প্রয়োজনে সাধারণ মানুষকে আর শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ বা কলকাতায় ছুটতে হবে না। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের রূপরেখাও চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে, যা উত্তরবঙ্গের শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোয় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে।