সব্যসাচীর ‘কালো টাকার’ খোঁজে ইডি? কলকাতা-সহ একাধিক জায়গায় অভিযান
জেলে রয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আর্থিক প্রতারণা মামলার তদন্তে বড়সড় পদক্ষেপ নিয়েছে ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও জেলার একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। [TECHTARANGA-POST:11371]ইডি সূত্রে খবর, কলকাতার পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, খিদিরপুর, বড়বাজার, রাজারহাট-নিউ টাউন, সল্টলেক-সহ একাধিক এলাকায় অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি নদিয়া জেলার কয়েকটি জায়গাতেও পৌঁছেছেন তদন্তকারীরা। সব্যসাচী দত্তের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা ব্যক্তি ও ব্যবসায়ীদের সম্পত্তি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে। তদন্তকারীদের দাবি, দুর্নীতির মাধ্যমে পাওয়া টাকা বিভিন্ন জায়গায় সম্পত্তি এবং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। সেই টাকার উৎস এবং লেনদেনের পথ খুঁজতেই এবার ইডির এই অভিযান।[TECHTARANGA-POST:11369]প্রসঙ্গত, পুলিশের দাবি, মাস দুয়েক আগে নদিয়ার তেহট্টে তাঁর এক ঘনিষ্ঠের বাড়ি থেকে প্রায় চার কোটি টাকার গয়না উদ্ধার হয়েছিল। এছাড়াও রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্ক লকার মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধারের কথাও জানিয়েছিল তদন্তকারীরা। পুলিশ সূত্রে আরও দাবি, সব্যসাচী দত্ত এবং তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওই অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং নগদ মিলিয়ে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল বলে খবর।