কলকাতা: বঙ্গে ক্ষমতা বদলের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই যেন ম্যাজিক! যে ওএমআর শিট (OMR Sheet) হাতে পেতে বছরের পর বছর রাজপথে রোদ-জল মাথায় নিয়ে আন্দোলন করেছেন হাজার হাজার চাকরিপ্রার্থী, সেই কাঙ্ক্ষিত নথই এবার জনসমক্ষে। শুক্রবার দিল্লিতে অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার বিতর্কিত ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করল স্কুল সার্ভিস কমিশন। আর শনিবার শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই সেই বিজ্ঞপ্তির খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল সর্বত্র।[TECHTARANGA-POST:8949]সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকলেও এতদিন যা কার্যকর হয়নি, নতুন সরকার ক্ষমতায় আসতেই যেন তাতে গতি এল। সিবিআই-এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির এসএলএসটি (SLST) পরীক্ষার্থীদের ওএমআর শিটগুলি প্রকাশ করা হয়েছে। শুধু শিক্ষক নয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ওএমআর শিটও খুব দ্রুত আপলোড করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। দীর্ঘদিনের আইনি লড়াই আর টালবাহানার পর কমিশনের এই ভোলবদল দেখে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।[TECHTARANGA-POST:8948]ওয়াকিবহাল মহলের মতে, বিগত সরকারের আমলে নিয়োগ দুর্নীতির যে পাহাড়প্রমাণ অভিযোগ ছিল, তাকে সমূলে উপড়ে ফেলতেই এই পদক্ষেপ। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে কিংকর অধিকারীরা দাবি তুলেছেন, ওএমআর প্রকাশের পর এবার যেন প্রকৃত যোগ্যরা সসম্মানে পুনর্বহাল হন এবং কোনো নিরপরাধ যেন শাস্তি না পান। অন্যদিকে, এর ফলে ১৯ হাজার চাকরিপ্রার্থীর নেওয়া দ্বিতীয় লিখিত পরীক্ষার ফলাফল যে গুরুত্বহীন হয়ে পড়ল, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। নিয়োগ দুর্নীতির কঙ্কাল সরাতে শুভেন্দু সরকারের এই প্রথম ধাপের ‘অ্যাকশন’ শেষ পর্যন্ত কতজনের মুখে হাসি ফোটায়, এখন সেটাই দেখার।[TECHTARANGA-POST:8945]হিডেন স্টোরিজ নিউজ
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার