গভীর রাতে তিন গ্রামে পরপর খড়ের গাদায় আগুন, নেপথ্যে কি অন্য কোনো রহস্য?
পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পুরসভা এলাকায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আমদান, দেউপুর এবং শেরবাজ—এই তিনটি সংলগ্ন গ্রামে প্রায় ১৪-১৫টি খড়ের গাদায় একই সময়ে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে যখন গ্রামবাসী ঘুমে মগ্ন ছিলেন, ঠিক সেই সময়ই পর্যায়ক্রমে আগুন জ্বলে ওঠে খড়ের গাদাগুলোতে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা আকাশছোঁয়া হয়ে ওঠে। খবর দেওয়া হয় রামজীবনপুর আউটপোস্ট এবং চন্দ্রকোনা থানায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে চন্দ্রকোনা থানার ওসি পুরুষোত্তম পাণ্ডে এবং রামজীবনপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি খবর দেওয়া হয় ঘাটাল দমকল বিভাগকেও।দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যার ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় গ্রামবাসীদের বসতবাড়িগুলো। তবে এই অগ্নিকাণ্ডে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারও ১০ বিঘা আবার কারও ৬ বিঘা জমির খড় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।একই রাতে, একই সময়ে পরপর তিনটি গ্রামে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা নিয়ে জনমনে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে কোনো অশুভ চক্রান্ত বা কারও হাত রয়েছে—তা নিয়ে এলাকায় জোর চর্চা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই রহস্যময় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ