Hidden Stories (বাংলা)

সিআইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই ইডি দফতরে অভিষেক! নিয়োগ দুর্নীতি মামলায় ফের কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি সাংসদ!

কলকাতা: রবিবার ভবানী ভবনে সিআইডি-র সাড়ে আট ঘণ্টার জেরার রেশ কাটতে না কাটতেই এবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১১টা নাগাদ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। নির্ধারিত সময়ের কিছুটা আগেই ডায়মন্ড হারবারের সাংসদ সল্টলেকের ইডি দফতরে পৌঁছে যান। তবে প্রবেশের সময় সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। উল্লেখ্য, এর আগে যখনই অভিষেক সিজিও কমপ্লেক্সে এসেছেন, তখন গোটা চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হতো। কিন্তু সোমবারের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। সিজিও কমপ্লেক্সে এদিন বাড়তি কোনও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি, এমনকি যাতায়াত নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কোনও কড়াকড়ি চোখে পড়েনি।[TECHTARANGA-POST:9959]নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি-র স্ক্যানারে রয়েছে অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ড্‌স’-এর আর্থিক লেনদেন। এর পাশাপাশি সিবিআই-এর চার্জশিটে উল্লিখিত একটি অডিও ক্লিপ, যেখানে চাকরি বিক্রির টাকা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর প্রসঙ্গ উঠেছিল, সেটি নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। এই অডিওর সূত্র ধরেই ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করা হয়েছিল। গত রবিবার বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে সিআইডি দফতরে কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছিল অভিষেককে। সেই পর্ব মিটতে না মিটতেই কেন্দ্রীয় সংস্থার এই তলব রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও সই জালিয়াতি মামলায় হাই কোর্ট তাঁকে রক্ষাকবচ দিলেও নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর কোনও রক্ষাকবচ নেই। মঙ্গলবার ফের সল্টলেকের একটি মামলার প্রেক্ষিতে তাঁকে তলব করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা, ফলে এই সপ্তাহে পর পর কয়েকদিন তদন্তকারী সংস্থাগুলির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

সিআইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই ইডি দফতরে অভিষেক! নিয়োগ দুর্নীতি মামলায় ফের কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি সাংসদ!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার