Hidden Stories (বাংলা)

কলকাতায় বিষ্ণোই গ্যাংয়ের ছায়া? ৫ কোটি টাকার দাবিতে ব্যবসায়ীকে হুমকি

কলকাতায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে চাঞ্চল্যকর হুমকির অভিযোগ। অভিযোগ উঠেছে, বিদেশি নম্বর থেকে বারবার ফোন ও ভয়েস মেসেজ পাঠিয়ে ৫ কোটি টাকা দাবি করা হচ্ছে।  এমনকি টাকা না দিলে ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। ইতিমিধ্যেই তিনি ভবানীপুর থানার দ্বারস্থ হয়েছেন।পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ী ভবানীপুরের শরৎ বোস রোডের বাসিন্দা। তিনি গত ৩০ জুন প্রথম একটি আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পান। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে ৫ কোটি টাকা দাবি করে বলে অভিযোগ। এরপর প্রায় এক মাস ধরে তাঁকে একাধিকবার ফোন এবং ভয়েস মেসেজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী। অভিযোগ, টাকা না দিলে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই স্পেশাল ইউনিটকে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে। সত্যিই এই হুমকির সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে কি না, নাকি অন্য কেউ ওই গ্যাংয়ের নাম ব্যবহার করে ভয় দেখাচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। গত বছর মুম্বই পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল, যার বিরুদ্ধে কমেডিয়ান কপিল শর্মার কাছে বিষ্ণোই গ্যাংয়ের সহযোগী গোল্ডি ব্রারের নাম করে ১ কোটি টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। লরেন্স বিষ্ণোই বর্তমানে জেলবন্দি থাকলেও তাঁর গ্যাংয়ের কার্যকলাপ নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। 

কলকাতায় বিষ্ণোই গ্যাংয়ের ছায়া? ৫ কোটি টাকার দাবিতে ব্যবসায়ীকে হুমকি