মাঝরাতে আগ্নেয়াস্ত্র-সহ পাকড়াও যুবক, হরিহরপাড়ায় নাশকতার ছক?
হরিহরপাড়া: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। আর, ভোটের ঠিক মুখেই মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ানশটার এবং দুই রাউন্ড গুলি। ভোটের আগে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম জিল্লার রহমান। তাঁর বাড়ি হরিহরপাড়ার আবদুলপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে সদানন্দপুর এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে - এমন একটি খবর পৌঁছয় পুলিশের কাছে। সেই খবর পাওয়ামাত্রই হরিহরপাড়া থানার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। জিল্লারকে আটকে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।শুক্রবার ধৃত জিল্লার রহমানকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাঁকে সাতদিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই ঘটনার পিছনে বড় কোনও চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রশ্ন হল, কোথা থেকে এল এই আগ্নেয়াস্ত্র ও গুলি? নির্বাচনের আগে কারও কাছে কি এই অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল? এলাকায় কি বড়সড় কোনও অশান্তি বা নাশকতার ছক কষা হচ্ছিল?[TECHTARANGA-POST:7780]হরিহরপাড়া থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধৃতকে জেরা করে এই অস্ত্র কারবারের পান্ডার হদিশ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ভোটের আগে মুর্শিদাবাদজুড়ে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ