মধ্যবিত্তের পকেটে ফের সার্জিক্যাল স্ট্রাইক! একধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম, আজ থেকেই গুনতে হবে বাড়তি টাকা
কলকাতা: আমজনতার হেঁশেলে যেন কিছুতেই স্বস্তি ফিরছে না। মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পকেটে ফের বড়সড় কোপ বসাল কেন্দ্র। উৎসব বা ছুটির মরশুমের মাঝেই একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হলো রান্নার গ্যাসের দাম। তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ায় কার্যত মাথায় হাত মধ্যবিত্তের। শনিবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে এই নতুন নিয়ম, যার ফলে ১৪.২ কেজি ওজনের গৃহস্থালির রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম একলপ্তে ২৯ টাকা বেড়ে গিয়েছে। বিশ্ব বাজারে অস্থিরতার জেরে যেভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, তাতে আগামী দিনে এই চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শনিবার রাতের এই সিদ্ধান্তের পর রবিবার সকাল থেকেই কলকাতায় নতুন দাম কার্যকর হয়ে গিয়েছে। নয়া মূল্যবৃদ্ধির জেরে কলকাতায় এখন ১৪.২ কেজির একটি ঘরোয়া গ্যাস সিলিন্ডার কিনতে সাধারণ মানুষকে খরচ করতে হবে ৯৬৮ টাকা। তবে স্বস্তির খবর এটুকুই যে, এবার ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামে কোনো রদবদল করা হয়নি। এর আগে গত ৭ মার্চ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে একধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয়েছিল ঘরোয়া গ্যাসের দাম। তারপর তিন মাস কাটতে না কাটতেই ফের ২৯ টাকার এই ধাক্কা মধ্যবিত্তের বাজেটকে সম্পূর্ণ ওলটপালট করে দিল। ওয়াকিবহাল মহলের মতে, এখানেই শেষ নয়, আন্তর্জাতিক বাজারের যা পরিস্থিতি তাতে পেট্রল-ডিজেলের মতো দফায় দফায় আরও বাড়তে পারে রান্নার গ্যাসের দাম।মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার ওঠানামার ওপর ভিত্তি করেই রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়। কিন্তু বর্তমান সময়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী একটি তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বাজারেও। এর আগে বাণিজ্যিক গ্যাসের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়েছে। গত ৩১ মে-ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল, যার ফলে কলকাতায় বর্তমানে বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ৩২৫৫ টাকা ৫০ পয়সা। এতদিন বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও ঘরোয়া গ্যাস কিছুটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু আন্তর্জাতিক বাজারের ক্রমাগত চাপের কাছে নতিস্বীকার করে এবার মধ্যবিত্তের হেঁশেলেই আগুন লাগিয়ে দিল কেন্দ্র।[TECHTARANGA-POST:9790]হিডেন স্টোরিজ নিউজ