পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে গোটা মিত্র পরিবার। গত কয়েকদিন ধরে একের পর এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। এবার ইডির মুখোমুখি স্বয়ং মদন মিত্র। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। ইডি দপ্তরে ঢোকার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। যা যা নথি আনতে বলা হয়েছে, সব এনেছি।”[TECHTARANGA-POST:11327]বুধবার বেলা ১১টা নাগাদ কলকাতার বাড়ি থেকে বের হন মদন মিত্র। তারপর সেখান থেকে সোজা পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। গত সপ্তাহে টানা দু'দিন জেরার করা হয়েছিল মদন মিত্রের দুই ছেলেকে। এরপর শুক্রবার হাজিরা দেন তাঁর স্ত্রী অর্চনা মিত্র। এবার তদন্তকারীদের ডাকে সাড়া দিয়ে হাজির হলেন স্বয়ং কামারহাটির বিধায়ক। উল্লেখ্য, স্ত্রী-পুত্রদের ইডি নোটিস পাঠানোর পরই রাজনৈতিক শিবির বদল করেছিলেন মদন মিত্র। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে যোগ দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সেই সময় বিতর্কের মাঝেই মন্তব্য করেছিলেন, “ইডির থেকে এবি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বেশি ভয়ের।” [TECHTARANGA-POST:11326]ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। সেই তদন্তের সূত্রেই উঠে আসে মদন মিত্রের নাম। এর আগেও তাঁর বাড়ি, অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রে খবর, বুধের জেরায় মূলত নিয়োগের বদলে কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেই দিকেই জোর দেওয়া হবে। পাশাপাশি ব্যাঙ্কের নথি-সহ একাধিক আর্থিক তথ্যও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।