Hidden Stories (বাংলা)

Parliament Special Session:এসআইআর বিতর্কের মাঝেই বড় চাল মোদী সরকারের! চলতি মাসেই সংসদের বিশেষ অধিবেশন? ২ বিল পাশে নতুন কৌশল

নয়াদিল্লি: এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বিতর্ক এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যখন উত্তাল জাতীয় রাজনীতি, ঠিক তখনই বড়সড় ঘুঁটি চালতে চলেছে মোদী সরকার। রাজনৈতিক অলিন্দে জোর জল্পনা, চলতি মাসের শেষের দিকেই সংসদের এক বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস বা ‘ডিলিমিটেশন’ বিল এবং বহু চর্চিত ‘মহিলা সংরক্ষণ বিল’ নতুন করে পেশ করে পাশ করিয়ে নেওয়াই শাসক শিবিরের মূল লক্ষ্য। এই দুই গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল পাশ করাতে বিরোধীদের ঘরে ভাঙন ধরিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে শাসক এনডিএ জোট।এর আগে বাজেট অধিবেশনে এই দুই গুরুত্বপূর্ণ বিল পেশ করে পাশ করানোর একপ্রস্থ চেষ্টা চালিয়েছিল কেন্দ্র। তবে লোকসভায় শাসক জোটের একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সংবিধান সংশোধনীর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশের জাদুসংখ্যা না থাকায় ভোটাভুটিতে বিল দুটি পাশ করানো সম্ভব হয়নি। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন কেন্দ্রকে নতুন করে আত্মবিশ্বাসী করে তুলেছে। কারণ, তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ এবং শিবসেনার (ইউবিটি) ৬ জন সাংসদ সম্প্রতি এনডিএ-কে সমর্থন জানিয়েছেন। এই বাড়তি ২৬ জন সাংসদের সমর্থনে লোকসভায় শাসক জোটের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যা বিল পাশের পথকে মসৃণ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।তবে শুধু এতেই ক্ষান্ত না থেকে এনডিএ নেতৃত্ব বিরোধী শিবিরকে আরও কোণঠাসা করতে কৌশলী চাল চালছে। বিশেষ করে তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ডিএমকে এবং কংগ্রেসের বহু পুরনো জোট ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার সরাসরি ডিএমকে নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছে, যাতে তারা সংসদে এই দুই বিলে সমর্থন জানায়। একইসঙ্গে লোকসভায় থাকা আঞ্চলিক ও ছোট ছোট বিরোধী দলগুলির সঙ্গেও পর্দার আড়ালে আলোচনা জোরদার করা হচ্ছে।সংসদের নিয়ম অনুযায়ী, বিশেষ অধিবেশন শুরুর অন্তত এক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে নোটিস জারি করতে হয়। সূত্রের খবর, সবকটি দল ও আঞ্চলিক সহযোগীদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেই এই নোটিস জারি করা হবে। এসআইআর নিয়ে দেশে তীব্র বিতর্কের ঝড় উঠলেও কেন্দ্র যে তাদের মূল এজেন্ডা থেকে পিছু হটতে নারাজ, এই বিশেষ অধিবেশন ডাকার জল্পনাই তার সবচেয়ে বড় প্রমাণ। এবার বিরোধীদের কৌশলে মাত করে কেন্দ্র শেষ পর্যন্ত ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ করাতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশের রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

Parliament Special Session:এসআইআর বিতর্কের মাঝেই বড় চাল মোদী সরকারের! চলতি মাসেই সংসদের বিশেষ অধিবেশন? ২ বিল পাশে নতুন কৌশল