রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনকে ঘিরে বিতর্কের মুখে পড়েছিলেন কৃতি সেনন। বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমাজমাধ্যমের একাংশ। বিষয়টি নিয়ে বিতর্ক এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়। সেই পুরনো ঘটনা এতদিন পর আবার উঠে এল আলোচনায়।[TECHTARANGA-POST:13438]সম্প্রতি করিনা কপূর খানের সঙ্গে কথোপকথনে সেই বিতর্কের প্রসঙ্গেই মুখ খুলেছেন কৃতি। তাঁর বক্তব্য, পোশাকের একটি অংশ নিয়েও যে এতটা আলোচনা হতে পারে, তা তিনি এখনও বিশ্বাস করতে পারেন না। কৃতির কথায়, “আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল।” তাঁর এই মন্তব্যে সহমত পোষণ করেছেন করিনাও।ঘটনাটি কয়েক বছর আগে একটি গয়না সংস্থার রাখিবন্ধনের বিজ্ঞাপনকে কেন্দ্র করে। সেখানে ভাইকে রাখি পরাতে দেখা গিয়েছিল কৃতিকে। পাশাপাশি নিজের পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন অভিনেত্রী। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর কৃতির পোশাকের পাশাপাশি পোষ্যকে রাখি পরানো নিয়েও প্রশ্ন তোলেন সমাজমাধ্যমের একাংশ। নিন্দকদের একাংশের দাবি ছিল, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের এই বিজ্ঞাপনে কৃতির পোশাক যথাযথ নয়। সেই মন্তব্য ঘিরে শুরু হয় বিস্তর বিতর্ক। শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়।[TECHTARANGA-POST:13435]তবে সমালোচনার মুখে চুপ থাকেননি কৃতি। সমাজমাধ্যমে পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেন, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন এবং উপস্থাপনা বদলেছে। তাই কোনও মহিলার পোশাক দেখেই তাঁর সংস্কৃতি, মূল্যবোধ বিচার করা উচিত নয়। সংস্কৃতি বা ঐতিহ্য শুধুমাত্র পোশাকের মধ্যে আটকে থাকে না। মানুষের চিন্তাভাবনা এবং মানসিকতার সঙ্গেও তা জড়িত। আর এতদিন পর করিনার সঙ্গে কথোপকথনে সেই বিতর্কের প্রসঙ্গ উঠতেই পুরনো অভিজ্ঞতা ভাগ করে নিলেন কৃতি।