ডিজেল-বিদ্যুতের গণ্ডি পেরিয়ে এবার হাইড্রোজেনের দৌড়, সবুজ রেল প্রযুক্তিতে ইতিহাস গড়ল ভারত
পরিচ্ছন্ন জ্বালানির পথে আরও এক ধাপ এগোল ভারত। দেশের প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেনের সূচনা হল হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হওয়া এই প্রকল্পকে ভারতীয় রেলের ভবিষ্যতের বড় মাইলফলক বলেই মনে করা হচ্ছে। [TECHTARANGA-POST:11015]সাধারণ ট্রেনের মতো ডিজেল বা সরাসরি বিদ্যুতের উপর নির্ভর করে না এই ট্রেন। হাইড্রোজেন গ্যাস এবং বাতাসের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া থেকে তৈরি হয় প্রয়োজনীয় শক্তি। সেই শক্তিতেই চলবে ট্রেনের ইঞ্জিন। ফলে কার্বন নিঃসরণ প্রায় শূন্যে নামিয়ে আনার ক্ষেত্রে এই প্রযুক্তিকে ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থার বড় বিকল্প হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জিন্দ থেকে সোনিপত পর্যন্ত প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে চলবে এই অত্যাধুনিক ট্রেন। ১০ কোচের এই ট্রেনে একসঙ্গে প্রায় আড়াই হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। আপাতত ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার রাখা হলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে আরও বেশি গতিতে চলার উপযোগী করেই এর নকশা তৈরি করা হয়েছে। শুধু ট্রেনই নয়, এই প্রকল্পকে সফল করতে হরিয়ানার জিন্দে গড়ে তোলা হয়েছে বিশেষ হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্র। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। হাইড্রোজেন লিক শনাক্ত করার সেন্সর, আগুন লাগার আগাম সতর্কতা এবং স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ট্রেনটিতে।[TECHTARANGA-POST:11001]বিশ্বে এখনও হাতে গোনা কয়েকটি দেশ হাইড্রোজেন ট্রেন প্রযুক্তি ব্যবহার করছে। সেই তালিকায় ভারতের নাম উঠে আসা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে দেশের বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবকিছু ঠিকঠাক চললে আগামী দিনে দেশের আরও একাধিক রুটে এই ধরনের ট্রেন দেখা যেতে পারে। ভারতের রেলপথে তাই এ যেন শুধুই নতুন একটি ট্রেনের সূচনা নয়, বরং দূষণমুক্ত আগামী দিনের দিকে ছুটে চলার এক নতুন যাত্রা।