Hidden Stories (বাংলা)

মাত্র ২০ দিনে তৈরি দুধিয়া ব্রিজ! পাহাড়ের দুর্যোগ রুখতে শুভেন্দুর মেগা ঘোষণা

দার্জিলিং: পাহাড়ের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি মেনে মাত্র ২০ দিনের রেকর্ড সময়ে পুনর্নির্মিত দার্জিলিংয়ের দুধিয়া বেইলি ব্রিজটি বুধবার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, পাহাড়ের মানুষের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশই বর্তমান রাজ্য সরকারের প্রধান অগ্রাধিকার। বালাসনের ওপর থাকা আগের সেতুটি ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল দুধিয়া এলাকা, যার ফলে চরম দুর্ভোগে পড়েছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। এই জরুরি পরিকাঠামোটি যুদ্ধকালীন তৎপরতায় গড়ে তোলার জন্য ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর, পিডব্লিউডি এবং জেলা প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। গত অক্টোবরের প্রাকৃতিক বিপর্যয়ের পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার এখন থেকেই কোমর বেঁধে নেমেছে এবং বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিবের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠকও সম্পন্ন হয়েছে।[TECHTARANGA-POST:10745]পাহাড়ের দুর্যোগ মোকাবিলায় একগুচ্ছ বড় ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বর মাস থেকে পাহাড়ের বুকে আধুনিক সরঞ্জাম-সহ ৫০ জন সদস্যের একটি স্থায়ী সিভিল ডিফেন্স টিম মোতায়েন থাকবে। উদ্ধারকাজ আরও গতিশীল করতে অত্যাধুনিক দুর্যোগ মোকাবিলা সামগ্রী সংগ্রহের কাজও শুরু করেছে রাজ্য সরকার। পাশাপাশি, আপদকালীন পরিস্থিতি সামাল দিতে আগামী মার্চ মাস পর্যন্ত সৈনিক বোর্ড থেকে প্রাক্তন সেনাকর্মীদের চুক্তিভিত্তিতে নেওয়া হচ্ছে। পরবর্তীতে সিভিল ডিফেন্সের অধীনে একটি বিশেষ ‘অগ্নিবীর’ বাহিনী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের, যার অধীনে ১০০ জনের একটি ইউনিট কলকাতায়, ৫০ জনের একটি ইউনিট সাগরদ্বীপে এবং একটি বড় ইউনিট পাহাড়ের দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াঙে স্থায়ীভাবে মোতায়েন করা হবে।মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত তৎপরতা ও দূরদর্শিতাকে সাধুবাদ জানিয়ে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা মিরিক, দুধিয়া ও তরাই-ডুয়ার্সের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র দু মাসের কার্যকালে পাহাড়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে সমস্ত পদক্ষেপ করেছেন, তা এককথায় নজিরবিহীন। এর পরেই সাংসদ পাহাড়ের জন্য অনুমোদিত মেগা উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে জানান, কালিম্পঙে একটি নতুন মেডিক্যাল কলেজ ও দার্জিলিংয়ে আধুনিক ট্রমা সেন্টারের অনুমোদন মিলেছে। পাশাপাশি দার্জিলিংয়ে ৫০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য জমি খোঁজার কাজ শুরু হয়েছে এবং কার্শিয়াং মহকুমা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ছাড়পত্র দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:10739]পাহাড়ের চা শ্রমিকদের সামাজিক সুরক্ষায় রাজ্য সরকার ইতিমধ্যেই ৩১৩ কোটি টাকার বিশেষ তহবিল অনুমোদন করেছে। চা বাগান ও সিঙ্কোনা বাগান এলাকায় ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-সহ কেন্দ্র ও রাজ্যের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে লাগু করার পাশাপাশি ১ লক্ষ ২২ হাজারেরও বেশি মানুষ ‘অন্নপূর্ণা যোজনার’ সুবিধা পাচ্ছেন। দার্জিলিং শহরের দীর্ঘদিনের ট্রাফিক জ্যামের সমস্যা মেটাতে একটি নতুন ‘সার্কুলার রোড’ অনুমোদন করা হয়েছে এবং দার্জিলিংয়ের বিকল্প হাইওয়ের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর পাশাপাশি রোহিনী রোডকে সম্পূর্ণভাবে পিডব্লিউডি টেকওভার করছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে, যা উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দেবে।

মাত্র ২০ দিনে তৈরি দুধিয়া ব্রিজ! পাহাড়ের দুর্যোগ রুখতে শুভেন্দুর মেগা ঘোষণা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার