আজ ‘গার্লফ্রেন্ড দিবস’! কেন ১ আগস্টেই উদযাপন হয় ভালোবাসার এই বিশেষ দিন? জানুন ইতিহাস
ফোনের স্ক্রিনে বারবার সেই নামটা ভেসে উঠছে? পুরনো অভিমান ভুলে একবার কথা বলতে ইচ্ছে করছে? তাহলে আজকের দিনটা হতে পারে সেই সুযোগ। কারণ আজ ১ আগস্ট, জাতীয় গার্লফ্রেন্ড দিবস। তবে শুধু প্রেমের সম্পর্ক নয়, জীবনের বিশেষ নারীসঙ্গী ও বন্ধুত্বের বন্ধনকেও সম্মান জানাতে এই দিনটি উদযাপন করা হয়।‘গার্লফ্রেন্ড দিবস’-এর ইতিহাস অবশ্য খুব পুরনো নয়। এই বিশেষ দিনের সূত্রপাত, একুশ শতকের শুরুতে। ২০০২ সালে লেখিকা ক্যাথলিন লাইং এবং এলিজাবেথ বাটারফিল্ড তাঁদের ‘Girlfriends Getaway’ বই প্রকাশের সময় ১ আগস্ট দিনটিকে বিশেষভাবে উদযাপনের কথা জানান। পরে ২০০৪ সালে অ্যালিসা সাভারিনো হাইস্মিথ নারী বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরতে এই দিনটিকে আরও জনপ্রিয় করে তোলেন। ধীরে ধীরে এই উদযাপন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে । তবে ‘গার্লফ্রেন্ড’ শব্দটি শুধু প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেকের জীবনেই এমন কোনও নারী বন্ধু থাকেন, যিনি কঠিন সময়ে পাশে দাঁড়ান, সাহস জোগান কিংবা দীর্ঘ আলাপে মনের ভার কমিয়ে দেন। সেই সম্পর্ক, সেই বিশ্বাস এবং সেই বন্ধুত্বকেও সম্মান জানানোর দিন আজ। মনোবিদদের মতে, জীবনে এমন গভীর সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। কাছের মানুষের সঙ্গে আবেগ ভাগ করে নেওয়া, কথা বলা এবং পারস্পরিক সমর্থন পাওয়া জীবনের চাপ কমাতে সাহায্য করে। কীভাবে এই দিনটি উদযাপন করবেন ভাবছেন? এই দিন উদযাপনের জন্য কোনও নির্দিষ্ট নিয়ম নেই। নিজের মতো করেই প্রিয় মানুষটিকে সময় দিতে পারেন। একটি ফোন, একটি ছোট্ট মেসেজ, একসঙ্গে সময় কাটানো কিংবা পুরনো স্মৃতি মনে করেও দিনটি উদযাপন করা যায়। কারণ সম্পর্কের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে যত্ন, সম্মান আর পাশে থাকার মধ্যেই।