আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডির তলব আইপ্যাক ডিরেক্টর ঋষিরাজ সিং-কে
ভোটের আবহে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক দুর্নীতি মামলায় আইপ্যাক-এর অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিং-কে এবার দিল্লির দফতরে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সূত্রের খবর, এই একই মামলায় ইতিপূর্বে গ্রেফতার হওয়া আইপ্যাক-এর সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডিলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই তথ্যের সত্যতা যাচাই করতেই আজ সকাল ১১টায় ঋষিরাজকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থার নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঋষিরাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তাঁর বয়ান এই তদন্তে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা।প্রসঙ্গত, আইপ্যাক-এর আরেক ডিরেক্টর প্রতীক জৈনকেও গত ২রা এপ্রিল তলব করেছিল ইডি। তবে তিনি বর্তমানে নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন এবং দিল্লিতে না গিয়ে কলকাতায় হাজিরার অনুমতি চান। সেই মামলা এখনও আদালতের বিচারাধীন। এরই মধ্যে প্রতীকের ভাই পুলকিত জৈন এবং স্ত্রী বার্বিকেও তলব করা হয়েছিল, যদিও তাঁরা হাজিরা দেননি। প্রতীক জৈনের পরিবারকে কেন এই তদন্তের আওতায় আনা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।[TECHTARANGA-POST:8174]এদিকে, রাজ্যে আইপ্যাক-এর কাজ সাময়িকভাবে বন্ধ হওয়া নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছিল, তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে তিনি কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলে সমাজমাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে, যদি এই এজেন্সিগুলো ভয় দেখিয়ে কর্মীদের কাজ ছাড়তে বাধ্য করে, তবে দল তাঁদের পাশে দাঁড়াবে। বাংলা ছাড়ার প্রশ্নই ওঠে না, বরং প্রয়োজনে তাঁদের দলের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এজেন্সির চাপ এবং রাজনৈতিক চাপানউতোরের মধ্যে ঋষিরাজ সিং আজ ইডি দফতরে হাজিরা দেন কি না, এখন সেটাই দেখার।হিডেন স্টোরিজ নিউজ