Hidden Stories (বাংলা)

মেসির চোখে জল, ১৬ বছর পর আবার বিশ্বজয়ী স্প্যানিশ আর্মাডা! শেষ মুহূর্তের নাটকে ধূলিসাৎ আর্জেন্টিনার স্বপ্ন

১৬ বছর আগে যখন শেষবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল স্পেন, তৎকালীন পৃথিবীটা ছিল একেবারেই অন্যরকম। মার্কিন রাজনীতিতে তখন বারাক ওবামার যুগ, ফুটবলের নতুন বিস্ময় লামিন ইয়ামাল তখন সবে কিন্ডারগার্টেনে পা দেওয়া এক শিশু, আর ফোরজি নেটওয়ার্ক কিংবা জোম্যাটোর মতো পরিষেবাগুলো তখনও যেন কাল্পনিক গল্পের মতো শোনাত। ১৬ বছরের সেই দীর্ঘ বিরতির পর অবশেষে আবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল স্প্যানিশ ব্রিগেড। ২০১০ সালের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই অবিস্মরণীয় গোল যেন ১৬ বছর পর ২০২৬-এর মঞ্চে ফিরে এল ফেরান তোরেসের পায়ে। বার্সেলোনায় বড় হওয়া মহাতারকা লিওনেল মেসির বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন চুরমার করে দিলেন বার্সেলোনারই বর্তমান ফরোয়ার্ড ফেরান তোরেস। তাঁর দেওয়া একমাত্র গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলের নতুন শাসক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করল স্পেন।ম্যাচের প্রথম বাঁশি থেকেই স্প্যানিশদের ঝোড়ো আক্রমণের মুখে স্রেফ দিশেহারা দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। তিকিতাকার নিখুঁত ছন্দে বারংবার ফাঁদে পড়ে দিশেহারা ম্যাক অ্যালিস্টার, এনজোদের কাছে ফাউল ছাড়া আর কোনো প্রতিরোধই ছিল না। প্রথমার্ধেই লিসান্দ্রো মার্টিনেজের চোট পেয়ে মাঠ ছাড়া আর দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজের লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়া—স্কালোনির সাজানো বাগানকে মুহূর্তের মধ্যে ছারখার করে দেয়। এমিলিয়ানো মার্টিনেজ না থাকলে হয়তো এই লজ্জার বহর আরও বাড়ত। তবে ১০৬ মিনিটের মাথায় পেদ্রো পোরোর বাড়ানো বল থেকে ফেরান তোরেসের সেই বিধ্বংসী শট বক্সের তিন ডিফেন্ডার আর গোলকিপারকে বোকা বানিয়ে যখন জালে জড়াল, তখন মাঠজুড়ে কেবলই স্প্যানিশ আর্মাডার গর্জন!ম্যাচ জুড়ে বল পজেশন থেকে গোলমুখী শট—প্রতিটি পরিসংখ্যানেই আর্জেন্টিনার ওপর ছড়ি ঘুরিয়েছে স্পেন। অবশেষে ১৯৯০-এর মারাদোনা কিংবা ২০২২-এর লরিসের মতো মেসিকেও গ্রাস করল সেই অভিশাপ; গতবারের চ্যাম্পিয়ন দল পরেরবার ফাইনালে উঠলেই যেন রানার্স হওয়ার নিয়তি! ম্যাচ শেষে সর্বকালের সেরা ফুটবলারের চোখ দিয়ে গড়িয়ে পড়া জল যেন গোটা ফুটবল বিশ্বের বুক ভেঙে দিল। কান্নাভেজা চোখে মেসির এই বিদায় আর স্প্যানিশ তরুণ তুর্কিদের বিশ্বজয়ের ইতিহাস দিয়েই এক অবিস্মরণীয় মহাকাব্য লেখা হয়ে গেল ফুটবলের আঙিনায়।হিডেন স্টোরিজ নিউজ

মেসির চোখে জল, ১৬ বছর পর আবার বিশ্বজয়ী স্প্যানিশ আর্মাডা! শেষ মুহূর্তের নাটকে ধূলিসাৎ আর্জেন্টিনার স্বপ্ন