ভোটের মুখে বিস্ফোরণে কাঁপল ফরাক্কা: বাম প্রার্থীর আত্মীয়ের বাড়িতে ফাটল বোমা, তুঙ্গে রাজনৈতিক তরজা
তিলোত্তমায় যখন নির্বাচনী পারদ চড়ছে, ঠিক তখনই রণক্ষেত্র মুর্শিদাবাদ। সোমবার সকালে ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। [TECHTARANGA-POST:8184]জানা গিয়েছে, আক্রান্ত বাড়ির মালিক সাইমুল শেখ ফরাক্কার সিপিএম প্রার্থী মোজাফফর হোসেনের তুতো ভাই এবং সক্রিয় কংগ্রেস কর্মী। ঘটনার সময় বাড়িতে ঢালাইয়ের কাজ চলায় রাজমিস্ত্রিরা উপস্থিত ছিলেন। সেই সময়ই ছাদের এক কোণে মজুত রাখা ব্যাগের ভিতর দুটি বোমা সজোরে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ছাদের পাঁচিলের একটি বড় অংশ ধসে গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি, তবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।[TECHTARANGA-POST:8195]খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কা থানার আইসি অমিত কুমার মুখোপাধ্যায় এবং বিশাল পুলিশবাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এলাকাটি ঘিরে রেখেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নাশকতার উদ্দেশ্যেই ছাদে বোমা মজুত করা হয়েছিল। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, ২৩ এপ্রিলের নির্বাচনে সন্ত্রাস ছড়াতেই বাম-কংগ্রেস জোট এই বোমা মজুত করেছিল। [TECHTARANGA-POST:8190]অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, গতকালের সভায় বিপুল জনসুনামি দেখে আতঙ্কিত হয়ে শাসকদলই চক্রান্ত করে সাইমুলের বাড়িতে বোমা রেখে দিয়ে গিয়েছে। রাজমিস্ত্রিদের কাজের জায়গায় বোমা রাখার কোনো যুক্তি নেই দাবি করে একে বিরোধীদের কণ্ঠরোধের প্রচেষ্টা হিসেবেই দেখছে হাত শিবির। নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে।