ভোটের হারে রেকর্ড বঙ্গে! লোকসভাকেও ছাপিয়ে গেল প্রথম দফার বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নজিরবিহীন উৎসাহ লক্ষ্য করা গেল ভোটারদের মধ্যে। দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে সামগ্রিকভাবে ভোটদানের হার দাঁড়িয়েছে ৭৮.৭৭ শতাংশ, যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের যে কোনও দফার তুলোনায় উল্লেখযোগ্যভাবে বেশি।[TECHTARANGA-POST:8325] পরিসংখ্যান বলছে, গত লোকসভা নির্বাচনে দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ঘোরাফেরা করছিল ৫৯ থেকে ৭০ শতাংশের মধ্যে, কিন্তু এবার সেই হার কোথাও ৯ শতাংশ তো কোথাও প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ১৬টি জেলার মধ্যে দুপুর ৩টে পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে (৮১.৪৯ শতাংশ) এবং সবথেকে কম ভোট পড়েছে কালিম্পঙে (৭৪.০৭ শতাংশ)। সাতসকাল থেকেই বুথে বুথে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দীর্ঘ লাইন প্রমাণ করছে যে, গণতন্ত্রের এই উৎসবে শামিল হতে বাংলার মানুষ কতটা মুখিয়ে ছিলেন।[TECHTARANGA-POST:8327]আসনভিত্তিক পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে, শমসেরগঞ্জ কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত রেকর্ড ৮৭.৫৩ শতাংশ ভোট পড়েছে। হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামেও দুপুর ৩টের মধ্যে ৮১.৩ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পিছিয়ে নেই বহরমপুরও, সেখানে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৮৭ শতাংশ। [TECHTARANGA-POST:8309]দুপুর ১টার খতিয়ানেও দেখা গিয়েছিল একই প্রবণতা, যেখানে রাজ্যের গড় ভোটদানের হার ছিল ৬২.১৮ শতাংশ। গত লোকসভা ভোটের তুলনায় ভোটদানের এই ব্যাপক উল্লম্ফন রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মোটের ওপর ‘শান্তিপূর্ণ’ পরিবেশ এবং রেকর্ড ব্রেকিং এই পরিসংখ্যান বঙ্গে প্রথম দফার নির্বাচনকে এক ঐতিহাসিক মাত্রা দিল।