পুরভোটের আগেই বিরাট খেলা! কলকাতা-হাওড়ার পর এবার দুর্গাপুরে একলাফে বাড়ল ১০টি ওয়ার্ড, পুরনিগম ঘিরে কী বার্তা বিধায়কের?
দুর্গাপুর: কলকাতা এবং হাওড়ার পর এবার ওয়ার্ড পুনর্বিন্যাসের বড়সড় প্রভাব পড়ল দুর্গাপুরেও। দুর্গাপুর নগর নিগমে এক ধাক্কায় বেড়ে গেল ওয়ার্ডের সংখ্যা। এতদিন এই পুরনিগমে ওয়ার্ডের সংখ্যা ৪৩টি থাকলেও এবার তা বাড়িয়ে ৫৩টি করার সিদ্ধান্ত নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। গত ৩১ আগস্ট এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। জনসংখ্যা, জনঘনত্ব, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব এবং সার্বিক আর্থিক কাঠামো বিবেচনা করেই এই নতুন ১০টি ওয়ার্ড বৃদ্ধি করা হয়েছে বলে দফতরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে।রাজ্যে পরিবর্তনের পর কলকাতা ও হাওড়া পুর এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাস কার্যকর করতে বিশেষ সংশোধনী বিল পাস করিয়েছিল সরকার। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার দুর্গাপুর এবং একই নির্দেশিকায় শিলিগুড়ি পুরনিগমের জন্য ৬৩টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। সরকারি এই বিজ্ঞপ্তির প্রতিলিপি ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এবং দুর্গাপুর পুর কমিশনারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর পরেই রাজ্যে পুরনির্বাচন সম্পন্ন করার ইঙ্গিত মিলেছে, আর সেই নির্বাচনী দামামা বাজার আগেই সরকারের এমন পদক্ষেপ দুর্গাপুরের রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।এই সিদ্ধান্তের প্রেক্ষিতে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুর নগর নিগমকে সম্প্রসারিত করে ঢেলে সাজানোর পরিকল্পনা আগেই ছিল। তাঁর দাবি, গত চার বছর ধরে পুরভোট না হওয়ায় সাধারণ মানুষ ন্যায্য নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে প্রশাসনিক কাজকর্ম আরও সহজ হবে এবং সাধারণ মানুষকে আরও দ্রুত ও মসৃণ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।[TECHTARANGA-POST:12179]হিডেন স্টোরিজ নিউজ