দুর্যোগের জেরে কিছুদিন বন্ধ ছিল অমরনাথ যাত্রা। তবে ফের যাত্রা শুরু হতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন তীর্থযাত্রীরা। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন তীর্থযাত্রী। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে গান্ডেরবাল জেলার গুন্ড এলাকার হরিগনিওয়ান এস-মোড অঞ্চলে। অমরনাথ দর্শন সেরে ফেরার পথে একটি তীব্র বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এআর১১ ডি৫৬৫৫ নম্বরের বাসটি। তারপর রাস্তার ধারে একটি বাড়ির উপর গিয়ে পড়ে। ধাক্কায় বাড়ির একাংশ ভেঙে যায়। তবে অল্পের জন্য বাসটি গভীর খাদে পড়ে যায়নি, ফলে বড়সড় কোনও প্রাণহানি ঘটেনি। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৩৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ, নিরাপত্তাবাহিনী ও প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। [TECHTARANGA-POST:11297]এক প্রত্যক্ষদর্শীর কথায়, দুর্ঘটনাস্থলের রাস্তা ইংরেজি 'L'-আকৃতির বাঁক নিয়ে গেছে। সেই বাঁক ঘোরার সময়ই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির উপর গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে নামেন। দুর্ঘটনার খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি এক্স হ্যান্ডেলে জানান, "গান্ডেরবালের ডেপুটি কমিশনার ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কথা বলেছি। বাবা বরফানির দর্শন সেরে ফেরা ৩৯ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। বর্তমানে তাঁরা এসকেআইএমএস (SKIMS)-এ চিকিৎসাধীন রয়েছেন।" এরপর তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।