Hidden Stories (বাংলা)

‘ওঁর মুখ দেখতে আপনাদের এত আগ্রহ কেন?’ অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে ব্যাঙ্ককে কড়া ধমক বিচারপতির!

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে বিদেশযাত্রার অনুমতি মেলার পরেই আচমকা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ এবং ডেবিট কার্ড ব্লক হওয়া নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি কৃষ্ণা রাও। যখন সরকারি-বেসরকারি সমস্ত ক্ষেত্রে অনলাইনে কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন হয়, তখন সাংসদকে কেন সশরীরে শাখায় আসার জন্য চাপ দেওয়া হচ্ছে— সেই প্রশ্ন তুলে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকাকে সরাসরি কটাক্ষ করেন বিচারপতি।আদালতে শুনানির সময় অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, ২০১৭ সাল থেকে সক্রিয় থাকা এই অ্যাকাউন্টটি কোনওরকম পূর্ব নোটিস ছাড়াই হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এর জবাবে ব্যাঙ্কের তরফে দাবি করা হয়, কেওয়াইসি আপডেট করার সময় আধার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে গিয়ে একাধিক মামলার হদিস মেলে এবং সেই কারণেই গ্রাহককে সশরীরে উপস্থিত থাকার জন্য নোটিস পাঠানো হয়েছিল। ব্যাঙ্কের এই যুক্তিতে উষ্মা প্রকাশ করে বিচারপতি কৃষ্ণা রাও মন্তব্য করেন, ব্যাঙ্ক অভিষেককে দেখার জন্য বড্ড বেশি আগ্রহী হয়ে উঠেছে এবং চিঠির ভাষা নিয়েও তিনি আপত্তি তোলেন।আগের শুনানিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়া অ্যাকাউন্ট ফ্রিজ করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। এদিনের শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সশরীরে ব্যাঙ্কে যাওয়ার কোনও প্রয়োজন নেই। বৃহস্পতিবারই ব্যাঙ্ক কর্মীদের অভিষেকের বাড়ি গিয়ে কেওয়াইসি সংক্রান্ত সমস্ত নথিপত্র সংগ্রহ করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আধার, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং নির্দিষ্ট ফর্ম জমা নিয়ে অ্যাকাউন্ট দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত পদক্ষেপের আর্জিতে আদালত সরাসরি হস্তক্ষেপ না করলেও পুরো বিষয়টি খতিয়ে দেখতে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।[TECHTARANGA-POST:11816]হিডেন স্টোরিজ নিউজ

‘ওঁর মুখ দেখতে আপনাদের এত আগ্রহ কেন?’ অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে ব্যাঙ্ককে কড়া ধমক বিচারপতির!