উত্তরবঙ্গে নয়া ইতিহাস! জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে চালু হলো অত্যাধুনিক 'কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স ল্যাব'
জলপাইগুড়ি: আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে এক বিশাল পদক্ষেপ নিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ (JGEC)। উত্তরবঙ্গের শিক্ষা মানচিত্রে নতুন পালক যোগ করে কলেজ ক্যাম্পাসে উদ্বোধন করা হলো একটি স্টেট-অফ-দ্য-আর্ট 'কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স ল্যাবরেটরি'। এর ফলে এখন থেকে এই কলেজের পড়ুয়ারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ডেটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিংয়ের মতো বিশ্বমানের প্রযুক্তি নিয়ে গবেষণার সুযোগ পাবেন।এই ল্যাবরেটরির মাধ্যমে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের তত্ত্বে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক স্তরের ডেটা এবং রিসার্চ রিসোর্স সহজেই হাতে নাগালে পাবেন। কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক সুভাষ বর্মন জানান, এই ল্যাবটি পড়ুয়াদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে এবং তাঁদের গবেষণার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।এই ল্যাবরেটরি স্থাপনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন কলেজের প্রাক্তন ছাত্ররা। প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে স্বেচ্ছায় আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা করেছেন ৫৫০ জনেরও বেশি প্রাক্তনী। উল্লেখ্য, এই কলেজের বহু প্রাক্তনী বর্তমানে ‘চন্দ্রযান-৩’-এর মতো জাতীয় প্রকল্প এবং দেশ-বিদেশের নামী প্রযুক্তি সংস্থায় কর্মরত। তাঁদের অভিজ্ঞতা ও সহযোগিতাই এই ল্যাবটিকে আধুনিক রূপ দিয়েছে।কলেজ অধ্যক্ষ অমিতাভ রায় জানান, উত্তরবঙ্গে এই ধরণের ল্যাবরেটরি এটাই প্রথম। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো বর্তমানের প্রযুক্তি-চালিত সমাজের জন্য পড়ুয়াদের যোগ্য করে তোলা। এই ল্যাবটি তাঁদের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করবে।”নতুন এই ল্যাবরেটরি ঘিরে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাথে শিক্ষার এই মেলবন্ধন উত্তরবঙ্গের কারিগরি শিক্ষার ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছে শিক্ষা মহল।