নবান্নে আজ শুভেন্দুর মেগা ক্যাবিনেট: বকেয়া ডিএ থেকে সপ্তম পে কমিশন, সরকারি কর্মীদের ভাগ্যবদল কি আজই?
কলকাতা: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি কি এবার বাস্তবে রূপ পেতে চলেছে? নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের দিকে আজ চাতকের মতো তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। প্রথম বৈঠকেই বিএসএফ-কে জমি হস্তান্তর, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালু কিংবা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানোর মতো একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিয়ে চমক দিয়েছিল নতুন সরকার। এবার লক্ষ্য আরও বড়। আজকের বৈঠকের মূল লাইমলাইটে রয়েছে দীর্ঘদিনের জ্বলন্ত ইস্যু—বকেয়া ডিএ এবং সপ্তম পে কমিশন। বিগত সরকারের আমলে সুপ্রিম কোর্টের ডেডলাইন পেরিয়ে গেলেও ২০০৮ থেকে ২০১৬ সালের মহার্ঘভাতা অধরাই থেকে গিয়েছে। অর্থ দপ্তর সূত্রের খবর, কেন্দ্রীয় হারে ডিএ এবং নতুন বেতনের পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে নয়া সরকার। বিজেপির নির্বাচনী সংকল্পপত্রের সেই বহুপ্রতীক্ষিত সপ্তম বেতন কমিশন চালু হলে রাজ্য সরকারি কর্মীদের পকেটে যে একধাক্কায় বেশ অনেকটাই টান পড়বে, তা বলাই বাহুল্য। তবে শুধু বেতন সংশোধনই নয়, আমজনতার নজর রয়েছে সুশাসন ও সুরক্ষার ওপরেও। আর জি কর কাণ্ড, নারী নির্যাতন প্রতিরোধ থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রুখতে আজ কী কড়া পদক্ষেপের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে পারদ চড়ছে নবান্নে। একই সঙ্গে বিএসএফ-এর সঙ্গে জমি হস্তান্তর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও আজ আলোচনায় বসতে পারেন মুখ্যমন্ত্রী। প্রথম বৈঠকের পর শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছিলেন, সময়স্বল্পতার কারণে সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি, তাই দ্বিতীয় বৈঠকেই মিলবে সুশাসনের আসল রোডম্যাপ। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে রাজ্যের প্রশাসনিক সংস্কার এবং সরকারি কর্মচারীদের ভাগ্যবদলের এই মেগা সোমবারে নবান্ন থেকে কী ‘ধামাকা’ ঘোষণা আসে, এখন সেটাই দেখার।[TECHTARANGA-POST:9223]হিডেন স্টোরিজ নিউজ