Hidden Stories (বাংলা)

Siuri Durga Puja: পুজোয় আবহে সিউড়ি, লালমাটিতে থিম ‘বন্দেমাতরম’!

সিউড়ি: দেশাত্মবোধ আর উন্নয়নের মেলবন্ধন, শারদোৎসবের আবহে এক অনন্য বার্তার সাক্ষী হল বীরভূম। শহরের কেন্দ্রস্থলে দুর্গোৎসবকে ঘিরে এবার জাতীয়তাবাদী চেতনাকে মূল হাতিয়ার করল শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতি। সিউড়ির বীরভূম জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এই পুজোর এবার প্রধান আকর্ষণ ‘১৫০ বছরের বন্দেমাতরম’। তবে কেবল স্বাধীনতা সংগ্রামের স্মরণে থিম সীমাবদ্ধ থাকছে না, ঐতিহ্য উদযাপনের পাশাপাশি কেন্দ্রের একাধিক উন্নয়নমূলক প্রকল্পকেও মণ্ডপসজ্জায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।জাতীয় সংগ্রামের ইতিহাস স্মরণ করানোর সঙ্গেই বদলে যাওয়া আধুনিক ভারতের চালচিত্র তুলে ধরা হচ্ছে এই মণ্ডপে। যার মধ্যে সিংহভাগ জায়গা জুড়ে রয়েছে মোদী সরকারের আমূল বদলে দেওয়া রেলে পরিকাঠামো উন্নয়নের চিত্র। বিশেষত কেন্দ্র সরকারের 'অমৃত ভারত স্টেশন প্রকল্প' এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি-হাইস্পিড 'বন্দে ভারত এক্সপ্রেস'-এর আধুনিক রূপায়ণ স্থান পেয়েছে মণ্ডপসজ্জায়। উদ্যোক্তাদের বক্তব্য, স্বাধীনতা সংগ্রামের মূল চালিকাশক্তি 'বন্দেমাতরম' মন্ত্রকে পাথেয় করেই আজ দেশ অগ্রগতির পথে চালিত হচ্ছে, সেই বার্তাই তরুণ প্রজন্মের সামনে উপস্থাপন করা তাঁদের মূল লক্ষ্য।পুজোর ভাবনায় এই জাতীয়তাবাদী ও প্রগতিশীল স্পর্শে আশাবাদী বিজেপি নেতৃত্ব। সার্বিক আয়োজন ও মণ্ডপসজ্জা প্রসঙ্গে সিউড়ি বিধানসভার বাসিন্দা তথা রাজ্য বিজেপির উচ্চশিক্ষাসেলের আহ্বায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, "এবারের পুজোয় শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির উদ্যোগ সিউড়ির অন্যতম সেরা পূজা হিসেবে স্বীকৃতি পেতে চলেছে।" উৎসবের দিনগুলিতে সিউড়িবাসী তথা সমগ্র জেলার মানুষকে এই মণ্ডপ পরিদর্শনের খোলা আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, একবার মণ্ডপের ভেতরে প্রবেশ করলে গোটা দেশের ঐতিহ্য ও আধুনিকায়নের এক অনন্য স্বাদ পাবেন দর্শনার্থীরা।ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এই জুগলবন্দি দেখতে ইতোমধ্যেই কৌতূহল তুঙ্গে উঠেছে সিউড়িতে। উদ্যোক্তাদের আশা, মণ্ডপসজ্জার ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও ভাবনার অভিনবত্বে এ বছরের অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠবে এই পুজো।

Siuri Durga Puja: পুজোয় আবহে সিউড়ি, লালমাটিতে থিম ‘বন্দেমাতরম’!