'নকশালবাদ নির্মূল করেছি, এবার নিশানা মাদকচক্র'! নেশামুক্ত ভারতের ডাক অমিত শাহের
পানাজি: নকশালবাদের মতোই এবার দেশ থেকে মাদকচক্রকে একবারে উপড়ে ফেলার হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের মূল লক্ষ্য যে দেশকে সম্পূর্ণ 'মাদক মুক্ত' (Drug-Free India) করে গড়ে তোলা, তা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। গোয়ায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জোর দিয়ে বলেন, ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ার যে লক্ষ্য স্থির করা হয়েছে, তাতে দেশের যুব সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আর সেই যুবসমাজকে সুরক্ষিত রাখতে মাদকের করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করা অত্যন্ত জরুরি।রবিবার পানাজির ওই মঞ্চ থেকে সাইবার অপরাধ এবং অন্যান্য বেআইনি ক্রিয়াকলাপ রুখতে কেন্দ্র সরকারের নেওয়া একাধিক কঠোর পদক্ষেপের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশে যেভাবে সাইবার অপরাধ বাড়ছে, তা রুখতে মোদী সরকার একটি অত্যন্ত সুসংগঠিত ও প্রযুক্তিগত প্রক্রিয়া বা সিস্টেম তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রতিদিন এই সংক্রান্ত অগ্রগতির ওপর কড়া নজর রাখছেন। সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচাতে চালু করা '১৯৩০' হেল্পলাইন নম্বরটির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে অমিত শাহ বলেন, "এই ১৯৩০ নম্বরটি সাইবার অপরাধ থেকে সাধারণ নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য একটি রামবাণ বা নিশ্চিত সমাধান।"একইসঙ্গে দেশে চালু হওয়া তিনটি নতুন ফৌজদারি আইনের (Bharatiya Nyaya Sanhita, Bharatiya Nagarik Suraksha Sanhita, Bharatiya Sakshya Adhiniyam) কার্যকারিতা নিয়ে কথা বলতে গিয়ে গোয়া সরকার ও গোয়া পুলিশের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, আগে গোয়ায় অপরাধের সাজা ঘোষণার হার (Conviction Rate) ছিল মাত্র ২২ শতাংশ। কিন্তু এই তিনটি নতুন আইন প্রয়োগের ফলে খুব অল্প সময়ের মধ্যেই তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৫৩.২ শতাংশে। শাহ আশাপ্রকাশ করে বলেন, পুরনো আইপিসি (IPC) এবং সিআরপিসির (CrPC) সময়ের মামলাগুলি বাদ গিয়ে কেবল নতুন আইনের অধীনে হওয়া মামলাগুলির বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে গোয়ায় অপরাধীদের সাজা হওয়ার হার ৭০ শতাংশ ছুঁয়ে ফেলবে।স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেন। তিনি দাবি করেন, মোদী সরকারের জমানায় উপত্যকায় সন্ত্রাসবাদ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এবং জম্মু ও কাশ্মীর এখন অগ্রগতি ও উন্নয়নের নতুন পথে হাঁটছে। সারা দেশে একদম থানা স্তর পর্যন্ত গিয়ে যাতে এই নতুন তিন আইন সঠিকভাবে প্রয়োগ করা হয়, সেদিকে কেন্দ্র কড়া নজর রাখছে বলে নিশ্চিত করেছেন অমিত শাহ।হিডেন স্টোরিজ নিউজ