কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ নিল প্রশাসন। জমি দুর্নীতি ও আর্থিক প্রতারণা মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শালবনি থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন ধরেই সুমিতের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। কিন্তু হদিস না মেলায় এবার আইনি পথেই তাঁর নাগাল পেতে চাইছে পুলিশ। উল্লেখ্য, এই সুমিত রায় কেবল অভিষেকের ছায়াসঙ্গীই নন, তাঁরা ছোটবেলার সহপাঠীও ছিলেন। কলকাতার স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করার পর অভিষেক দিল্লি গেলেও, সুমিত কলকাতাতেই এমবিএ সম্পন্ন করেন এবং পরবর্তীতে অভিষেকের বিশ্বস্ত অনুগামী ও আপ্ত সহায়ক হিসেবে কাজ শুরু করেন।[TECHTARANGA-POST:9963]তদন্তকারীদের দাবি, গত শনিবার সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন পরীক্ষা করে দেখা যায় তাঁর শেষ অবস্থান ছিল খোদ অভিষেকের কালীঘাটের বাড়িতেই। সেই সূত্র ধরেই গভীর রাতে পটুয়াপাড়ায় হানা দেয় পুলিশের একটি বিশেষ দল। ডাকাডাকিতে কেউ সাড়া না দেওয়ায় বাইরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা। তবে দীর্ঘ তল্লাশির পরেও সেখানে সুমিতের দেখা মেলেনি। এদিকে সুমিতের নাম কেবল জমি দুর্নীতিতেই নয়, ২০২২ সালের কয়লা পাচার মামলাতেও উঠে এসেছিল। একদিকে যখন নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ সিজিও কমপ্লেক্সে ইডি-র জেরার মুখোমুখি হচ্ছেন, ঠিক সেই সময়েই তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রবি ও সোমবারের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আপ্ত সহায়কের এই অন্তর্ধান অভিষেকের ওপর চাপের মাত্রা আরও বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার