বোলপুর: পুজোর ছুটিতে শান্তিনিকেতন যাওয়ার পরিকল্পনা রয়েছে? তাহলে আগেই জেনে রাখুন এই খবর। এবার দুর্গাপুজোর দিনগুলিতে বন্ধ থাকছে সোনাঝুরি হস্তশিল্পের হাট। অতিরিক্ত পর্যটকের ভিড় সামলানো এবং জঙ্গলের পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন, বন দপ্তর ও হাট কমিটি। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত হাট বন্ধ থাকবে। তবে হাট বন্ধ থাকলেও সোনাঝুরি জঙ্গলে আয়োজিত হীরালিনী দুর্গোৎসবে অংশ নিতে পারবেন দর্শনার্থীরা।
দুর্গাপুজোর সময় সোনাঝুরি জঙ্গলে প্রতি বছরই পর্যটকদের ভিড় চোখে পড়ে। তার সঙ্গে হস্তশিল্পের হাট খোলা থাকলে ভিড় সামলানো আরও কঠিন হয়ে পড়ে। সেই পরিস্থিতি এড়াতেই এ বার আগে থেকেই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাট কমিটির সদস্য সুকেশ চক্রবর্তী জানিয়েছেন, “দুর্গাপুজোকে কেন্দ্র করে সোনাঝুরিতে ব্যাপক ভিড় বাড়ে। সেই সময় হাট খোলা থাকলেও ভিড় নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের কাছে আমাদের আবেদন, পুজো দেখুন, কিন্তু জঙ্গলে প্লাস্টিক ফেলবেন না। পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখুন।”
শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সোনাঝুরির খোয়াই হাট। সারা বছর দেশ-বিদেশের পর্যটকেরা এখানে আসেন। জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে স্থানীয় শিল্পী ও ব্যবসায়ীরা পোশাক, গয়না এবং নানা ধরনের হস্তশিল্পের সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন। এর কাছেই আয়োজিত হয় হীরালিনী দুর্গোৎসব। তাঁদের পুজো এবার ২৬ বছরে পা দিয়েছে । পুজো দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ের সঙ্গে হাটের ক্রেতা ও পর্যটকদের ভিড় মিশে যাবে, এমনই আশঙ্কা বন দপ্তর ও হাট কমিটির। সেই কারণেই ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, বন দপ্তরের জমিতে সোনাঝুরি হাটের বৈধতা নিয়ে পরিবেশকর্মী সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছেন। মামলাটি এখনও বিচারাধীন। ইতিমধ্যেই বন দপ্তর-সহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলির কাছে হলফনামা চেয়েছে আদালত। সেই বিতর্কের মধ্যেই পুজোর দিনগুলিতে সাময়িক ভাবে বন্ধ থাকছে হাট।
বিষয় : Durga Puja 2026 Sonajhuri Haat

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন