রণবীর সিং মানেই উচ্ছ্বাস আর আলাদা ধরনের চমক। তবে এবার তাঁর নতুন উদ্যোগের ধরনটা একেবারেই অন্যরকম। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন ক্রমশ এগিয়ে আসছে। ঠিক সেই সময়ই গণেশ চতুর্থীর আবহে সমাজের জন্য বড় দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করলেন অভিনেতা। মুম্বইয়ের লালবাগচা রাজার দর্শনে গিয়ে ১০০০ জন কন্যাসন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সংকল্প করেছেন তিনি।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আয়োজিত ‘সেবা সংকল্প অভিযান’-এ হাজির হন রণবীর। তিনি বলেন ,“এখানে এসে ভীষণ ভালো লাগছে। বাপ্পার কৃপায় গত বছরটা আমার এবং আমার পরিবারের জন্য আনন্দময় ছিল। তাই এখানে এসেছি তাঁর দর্শন করতে, তাঁকে ধন্যবাদ জানাতে ও আগামীর পথচলা ও জীবনযাত্রার জন্য তাঁর আশীর্বাদ নিতে।” এছাড়াও তিনি বলেন, “গণেশ চতুর্থী এবং আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আমি সেবা সংকল্প অভিযানের সঙ্গে যুক্ত হয়ে এক হাজার মেয়ের পড়াশোনায় সাহায্য করার সংকল্প নিচ্ছি।” ব্যক্তিগত জীবনেও এখন রণবীর-দীপিকার পরিবারে উৎসবের আবহ।
অন্যদিকে ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত অভিনেতা। ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর এবার নতুন ছবি নিয়ে ব্যস্ত তিনি। জয় মেহতা পরিচালিত জম্বি থ্রিলার ‘প্রলয়’-এ রণবীরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কল্যাণী প্রিয়দর্শনকে। জানা যাচ্ছে, এই ছবির হাত ধরেই বলিউডে তাঁর অভিষেক হতে চলেছে।
বিষয় : Bollywood Ranveer Singh

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন