মহালয়ার সকাল মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী, ভোরের আকাশে পুজোর গন্ধ আর মায়ের আগমনের অপেক্ষা। তবে এবার দেবীপক্ষের সূচনায় বিশেষ আয়োজন করা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে। ১০ অক্টোবর মহালয়ার দিন সেখানেই বসবে দুর্গাপুজোর মেগা উদ্বোধনী অনুষ্ঠানের আসর। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁকে ঘিরেই রয়েছে আরও একগুচ্ছ পরিকল্পনা।
বর্তমান সূচি অনুযায়ী, ১০ অক্টোবর সন্ধ্যায় রেড রোড হয়ে ইডেনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঢাকের বাদ্যে স্বাগত জানানো হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শুধু উদ্বোধনী অনুষ্ঠান নয়, থাকছে বড়সড় সাংস্কৃতিক পর্বও। সুরকার শান্তনু মৈত্রের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শান, অন্তরা মিত্র, লগ্নজিতা চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী এবং দোহার ব্যান্ডের মতো শিল্পীরা। এছাড়াও বাংলার লোকসঙ্গীতের শিল্পীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান শেষে থাকছে ড্রোন শো এবং আলোকসজ্জার বিশেষ আয়োজন। রাতের আকাশে দুর্গাপুজোর নানা প্রতীক ফুটিয়ে তোলার পরিকল্পনাও রয়েছে। ইডেন থেকেই একাধিক বড় পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি প্রায় ৫,০০০ পুজো কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়ার পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানটি শুধুমাত্র ইডেনের দর্শকদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কলকাতার অন্তত ৩৫টি জায়গায় বড় স্ক্রিনে অনুষ্ঠান সরাসরি দেখানোর প্রস্তুতি চলছে বলে প্রশাসনিক সূত্রের খবর। বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরারও পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, আগামী ১০ অক্টোবরের অনুষ্ঠানের প্রচার এবং ক্লিপিংস প্রচারিত হবে আমেরিকার টাইমস স্কোয়ার, ইংল্যান্ডের পিকাডেলি সার্কাস এবং দুবাইয়ের বুর্জ খলিফাতে।
মহালয়ার ভোরেও কলকাতা ও হাওড়ার গুরুত্বপূর্ণ ঘাটে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে মাইকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ শোনানোর ব্যবস্থা করা হবে। এই বিশাল আয়োজন ঘিরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(সিএবি)-র সঙ্গেও প্রশাসনের একাধিক দফায় বৈঠক হয়েছে। সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস বলেন, "প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের আয়োজন আগে কখনও করিনি আমরা। তাই অভিজ্ঞতা নেই। যেভাবে প্রশাসন চাইবে আমরা সেরকমই ব্যবস্থা করে দেব। প্রথমবার দেশের প্রধানমন্ত্রী ইডেনে আসছেন।"
বিষয় : Narendra Modi Durga Puja 2026

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন