কলকাতা: বঙ্গে পালাবদলের পর রাজ্যের শিল্প ও বিনিয়োগের আকাশে নতুন সূর্যোদয়ের ইঙ্গিত। বিপুল অঙ্কের শিল্প প্রস্তাব ও বিনিয়োগের বার্তা নিয়ে দুই দিনের সফরে রাজ্যে পা রেখেছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। বৃহস্পতিবার সাতসকালেই স্ত্রীকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পৌঁছান তিনি। সেখানে নিষ্ঠার সঙ্গে মা ভবতারিণীর দর্শন ও পুজো দিয়ে দিনের সফরসূচি শুরু করেন শিল্পপতি। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে শিল্পায়নের যে বড় অঙ্গীকার করা হয়েছে, আদানির এই সফর সেই সংকল্প বাস্তবায়নের পথেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বৃহস্পতিবার দিনভর কলকাতায় একগুচ্ছ হাইপ্রোফাইল কর্মসূচি রয়েছে গৌতম আদানির। সূত্রের খবর, নিউটাউনে প্রায় দু’হাজার শয্যার বিশ্বমানের ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি, যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে এক নতুন মাইলফলক হতে চলেছে। শুধু তা-ই নয়, সিএসআর তহবিলের মাধ্যমে ঐতিহাসিক কুমোরটুলি ঘাটের যে আমূল সংস্কার কাজ সম্পন্ন করেছে আদানি গোষ্ঠী, আজ সেটিরও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে। তবে সমস্ত কর্মসূচির মাঝে নজর থাকবে দুপুরের দিকে নবান্নে আয়োজিত বিশেষ বৈঠকের দিকে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি একান্ত বৈঠকে বসছেন শিল্পপতি। রাজ্যে একাধিক নতুন ক্ষেত্রে বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থানের নীল নকশা তৈরি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
কাজের পাশাপাশি কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতির ক্যানভাসেও বিশেষ জায়গা করে নিতে চলেছে আদানি গ্রুপ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে আরও আকর্ষণীয় করে তুলতে অনন্য উদ্যোগ হাতে নিয়েছে এই শিল্প গোষ্ঠী। আদানি গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, শহরের সেরা আটটি দুর্গাপুজো কমিটি নির্বাচন করে তাদের প্রতিটি পুজোকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। শুধু তাই নয়, কলকাতার পুজো ও অনন্য শিল্পকলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে দেশ-বিদেশের আন্তর্জাতিক অভ্যাগতদের নিয়ে আগামী ১০, ১১ ও ১২ই অক্টোবর তিন দিনব্যাপী এক বিশেষ 'পুজো প্রিভিউ ট্যুর'-এরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে, আদানির এই মেগা সফর রাজ্যের অর্থনীতি ও শিল্পে নতুন এক সোনালী অধ্যায়ের সূচনা করবে বলেই আশাবাদী রাজ্যের মানুষ।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন