কলকাতাঃ দুর্গাপুজোর আনন্দে বৃষ্টি কি বাধা হয়ে দাঁড়াবে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বাঙালির মনে। বৃষ্টি হলে মাটি হতে পারে ঠাকুর দেখার পরিকল্পনা, ভেস্তে যেতে পারে প্যান্ডেল হপিংয়ের আনন্দ। চতুর্থী এবং পঞ্চমীতেও কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। তবে ষষ্ঠীর সকালে কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠী ও সপ্তমীতে বাংলার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অষ্টমী থেকে একাদশী পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে প্রত্যাবর্তী মৌসুমি বায়ুর প্রভাব। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর পাশাপাশি বঙ্গোপসাগরের উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলছে। শুক্রবার ও শনিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক-দু’টি জায়গাতেও একদমই হালকা বৃষ্টি হতে পারে। তবে সপ্তমী থেকে বদলে যাবে আবহাওয়া। টানা একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গেও কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবাহাওয়া মূলত শুষ্ক থাকবে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও অষ্টমী থেকে একাদশী পর্যন্ত আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।
বিষয় : Weather Update Durga Puja 2026

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন