বক্স অফিসে সাফল্য, দর্শকের উন্মাদনা, সব রেকর্ড ছাপিয়ে গিয়ে প্রশংসা কুড়িয়েছিল ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এত সাফল্যের পরও অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে সেই বাণিজ্যিক সাফল্য শেষ পর্যন্ত যথেষ্ট হল না। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ অস্কারের জন্য বিবেচিত ছবিগুলির তালিকায় থাকলেও, ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে মারাঠি ছবি ‘গোন্ধল’-কে।
শুক্রবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য ‘গোন্ধল’-কে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে ঘোষণা করে। তালিকায় ছিল ‘ধুরন্ধর’, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ‘ম্যায় বাপাস আউঙ্গা’, ‘বর্ডার ২’, ‘১২০ বাহাদুর’, ‘হানুমান অ্যানশ’-সহ একাধিক আলোচিত ছবি। ‘গোন্ধল’ মূলত মহারাষ্ট্রের লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী ‘গোন্ধল’ আচারকে কেন্দ্র করে তৈরি একটি থ্রিলার। গ্রামীণ মহারাষ্ট্রের পটভূমিতে এক নবদম্পতিকে ঘিরে এক রাতের ঘটনাপ্রবাহে এগিয়েছে ছবির গল্প। ২০২৫-এর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় ছবির পরিচালক সন্তোষ দাভাখর সিলভার পিকক পুরস্কারও পেয়েছিলেন।
অন্যদিকে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি মুক্তির পর থেকেই ছবির বিষয়বস্তু বেশ আলোচনায় ছিল। ছবিতে ভারত-পাকিস্তান সম্পর্ক এবং রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটের উপস্থাপনা ঘিরে দর্শক ও সমালোচকদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল। কেউ ছবিটিকে রাজনৈতিক বার্তা বা ‘প্রোপাগান্ডা’ হিসেবে দেখেছেন, আবার অন্য পক্ষ সেই সমালোচনার সঙ্গে একমত হয়নি। তবে অস্কারের দৌড় থেকে ‘ধুরন্ধর’ বাদ পড়ার সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এত জনপ্রিয় একটি ছবি জুরির নজরে কেন জায়গা করে নিতে পারল না?
সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জুরি সদস্য বিবেক ভাসওয়ানি। তিনি জানান, ১৪ সদস্যের জুরির মধ্যে ‘ধুরন্ধর’ মাত্র চারটি ভোট পেয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, কয়েকজন জুরি সদস্য ছবিটিকে পছন্দ করলেও ভারতের প্রতিনিধিত্ব করার জন্য তাঁরা যে ধরনের ভারতীয় সংস্কৃতির প্রতিফলন খুঁজছিলেন, ‘ধুরন্ধর’-এ তা যথেষ্ট বলে মনে হয়নি।
বিষয় : Ranveer Singh Dhurandhar Oscar

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন