কলকাতা: শনিবার রাধাষ্টমীর পুণ্য তিথিতে দ্বিতীয়বার মা হয়েছেন বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোন। তাঁর কোল আলো করে এসেছে এক শিশুকন্যা। সেই খুশির চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার টলিপাড়ায় বাজল সুসংবাদের সানাই। দুই থেকে তিন হলেন টলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়।
রবিবাসরীয় সকালে জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত আস্বাদন করলেন অভিনেত্রী। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে সকাল পৌনে বারোটা নাগাদ জন্ম নিল সোহিনী-শোভনের প্রথম সন্তান। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, কোল আলো করে এসেছে এক ফুটফুটে রাজপুত্র। এই মুহূর্তে মা ও সদ্যোজাত,দু’জনেই সুস্থ ও ভাল আছেন।
দীর্ঘ ন’মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো তারকা দম্পতির জীবনে। ২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন শোভন ও সোহিনী। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগী থেকে শুরু করে নেটপাড়ার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই সংবেদনশীল থাকলেও গত জুলাই মাসে বিবাহবার্ষিকীর দিনে সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের ছবি পোস্ট করে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন, শীঘ্রই তাঁদের পরিবারে সদস্যসংখ্যা বাড়তে চলেছে।
তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের কাজের গতি থমকে যেতে দেননি সোহিনী। মা হওয়ার কিছুদিন আগে পর্যন্তও সিনেমা ও ওয়েভ সিরিজের কাজ সামলেছেন। মানসী সিনহা পরিচালিত নতুন ছবি ‘বেগুনি রঙের আলো’-র প্রচারের কাজেও দেখা গেছে তাঁকে। গর্ভাবস্থায় লম্বা বিরতি নেওয়ার ঠিক আগেই ঘুরে এসেছিলেন ছোটখাটো পাহাড় ট্রিপ থেকেও।
পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্বশুরবাড়িতে সোহিনীর ঘরোয়া সাধভক্ষণের বিশেষ মুহূর্ত শেয়ার করেও ভালোবাসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। ছবির প্রচারে এসে সোহিনী মুচকি হেসে জানিয়েছিলেন, সন্তানের নাম নাকি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন শোভন! ছেলে হলে তাঁকে ডাকবেন ‘টুল’ বলে। কাকতালীয়ভাবে শোভনের সেই ইচ্ছেটাই এবার পূরণ হল।
তবে মা হওয়ার জার্নিতে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। ২০২৪ সালের আরজি কর কাণ্ডের আবহে বিচার চেয়ে সোহিনী মন্তব্য করেছিলেন, "আমি চাই না, আমার সন্তানকে এমন একটা দেশে নিয়ে আসতে।"
এর পরেই ট্রোলারদের কড়া নিশানায় পড়েন তিনি। কিন্তু কটাক্ষকারীদের মুখ বন্ধ করে দিয়ে অত্যন্ত পরিণত উত্তর দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, "এমনটা ক্ষোভ থেকে মনে হলেও আমি সবসময়ই মা হতে চেয়েছি। সঠিক সময় পরিকল্পনা করেই এই সিদ্ধান্ত নেওয়া। আমার সন্তান যাতে এই পৃথিবীতে সমস্ত পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বেঁচে থাকতে পারে, সেভাবেই তাকে মানুষ করব।"
রবিবার সকালে সেই ছোট্ট বীরপুরুষের আগমনে তাই খুশির জোয়ার দুই পরিবারেই। আপাতত জীবনের এই নতুন জার্নি এবং মাতৃত্বের মিষ্টি স্বাদ চেটেপুটে উপভোগ করতে প্রস্তুত সোহিনী সরকার।
বিষয় : HiddenStoriesNews

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন