কলকাতাঃ ফুটপাথে দুধ গরম করা নিয়ে বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। এবার সেই আবহেই ফের মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে ফুটপাথ দখল করা যেন ‘ফ্যাশন’ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক স্বার্থেই এতদিন এই দখলদারি বন্ধ করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি।
ফুটপাথ দখল নিয়ে এই বিতর্কের সূত্রপাত পার্ক স্ট্রিটের কাছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের অভিযানে। সেখানে ফুটপাথের উপর শিশুর জন্য দুধ গরম করছিলেন পরিবারের এক মহিলা। তা দেখে আপত্তি জানান অগ্নিমিত্রা এবং ফুটপাথে এভাবে দুধ গরম না করার নির্দেশ দেন। পরে জানা যায়, পরিবারটির থাকার মতো কোনও বাড়ি নেই। ফুটপাথই তাঁদের আশ্রয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই মন্ত্রীর মন্তব্য ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। শেষ পর্যন্ত বিষয়টি পৌঁছয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’। মঙ্গলবার বিধায়ক সজল ঘোষ ওই পরিবারটিকে সঙ্গে নিয়ে সেখানে যান। পরিবারের থাকার ব্যবস্থা করার জন্য পুরসভাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
কিন্তু একটি পরিবারের সমস্যার সমাধান হলেও শহরের ফুটপাথে বসবাস করেন বহু মানুষ। সেই প্রসঙ্গেই বুধবার নিজের অবস্থান স্পষ্ট করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘‘ফুটপাথ দখল একটা ফ্যাশন পশ্চিমবাংলায়। রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দা তোলার জন্য এতদিন তা দখলমুক্ত করেনি। কিন্তু এটা করতেই হবে। লোকে এখন অ্যাডজাস্ট করছে।” এছাড়াও দিলীপের যুক্তি, গত কয়েক বছরে শহরে গাড়ির সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে মানুষের যাতায়াত। ফলে রাস্তার একটা বড় অংশ ফুটপাথ দখল করে থাকলে সাধারণ মানুষের চলাচল এবং যানবাহন দুই ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়। তবে শুধু প্রশাসনের পদক্ষেপই নয়, সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী।
বিষয় : Kolkata Dilip Ghosh Footpath

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন