কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার তদন্তে নতুন মোড়। এবার সরাসরি ক্যাম্পাসে ঢুকল পুলিশ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) মনোজ কুমার ঝা। এরপর রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি।
প্রায় ৪৫ মিনিট ধরে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন এসিপি। জানা গিয়েছে, মূলত কীভাবে এবং কোন প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ও অন্যান্য ভিডিও ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে, তা নিয়েই আলোচনা হয়েছে। রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল জানান, পুলিশ যে তথ্য ও ফুটেজ চেয়েছে, সেগুলি দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। গত ১৯ আগস্ট ফেটসুর জিবি মিটিংকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। পরের দিনও তার আঁচ ছিল বিশ্ববিদ্যালয়ে। দুই পক্ষের পালটা কর্মসূচিকে কেন্দ্র করেও নতুন করে উত্তেজনা ছড়ায়।
সেই সংঘর্ষের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। সংঘর্ষের ঘটনায় একাধিক অভিযোগ সামনে আসার পর এবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই ঘটনার প্রকৃত ছবি বোঝার চেষ্টা করছে পুলিশ।
বিষয় : Kolkata Police ABVP Jadavpur University SFI

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন