বারাসতঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেশ কাটতে না কাটতেই ফের ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। রাখিবন্ধন উপলক্ষে কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে এবিভিপি এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বিবাদ শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে শেষ পর্যন্ত সংঘর্ষের চেহারা নেয়। সংগঠনের দাবি, ঘটনায় দুই এবিভিপি সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হস্টেলের এক ছাত্রকে ঘিরে প্রথমে গোলমাল শুরু হয়। এবিভিপির দাবি, রাষ্ট্রবিজ্ঞানের এমএ প্রথম বর্ষের ছাত্র অরূপকে কথা বলার নাম করে হস্টেলে ডেকে নিয়ে মারধর করা হয়। এই ঘটনায় টিএমসিপির এক সদস্যের নামও সামনে এনেছে তারা। অরূপের উপর হামলার খবর ছড়িয়ে পড়তেই এবিভিপির কয়েকজন সদস্য হস্টেলে পৌঁছন। এরপর দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। এবিভিপির দাবি, তাঁদের দুই সদস্যের উপর হামলা চালানো হয়েছে এবং একজনের গলা ও ঘাড়ে গুরুতর চোট লাগে। তবে পুরো ঘটনার পালটা ছবি তুলে ধরেছেন হস্টেলের কয়েকজন ছাত্র। তাঁদের দাবি, তাঁরা কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। এবিভিপির সদস্যরাই হস্টেলে ঢুকে প্রথমে হামলা চালিয়েছিল বলে অভিযোগ তাঁদের। ঘটনায় ১০-১২ জন ছাত্র আহত হয়েছেন।
ঘটনা নিয়ে দু’পক্ষের বক্তব্য আলাদা। এবিভিপির দাবি, বিশ্ববিদ্যালয়ে রাখিবন্ধন কর্মসূচির জন্য তারা অনুমোদন পেয়েছিল। সেই আয়োজনের জন্য আর্থিক অনুদান নিয়ে আপত্তি থেকেই তৃণমূলের সঙ্গে বিরোধের সূত্রপাত। অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি ঘনিষ্ঠ ছাত্রদের একাংশ। ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দত্তপুকুর থানার পুলিশ সেখানে পৌঁছয়। ইতিমধ্যেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন