কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেতে আর পঞ্চায়েত বা সরকারি অফিসের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না সাধারণ মানুষকে। নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই ঘরে বসে কেল্লাফতে করা সম্ভব! রাজ্যের যোগ্য উপভোক্তাদের সুবিধার্থে শুরু হয়ে গিয়েছে ‘সেল্ফ সার্ভে’ বা স্ব-সমীক্ষার কাজ, যা চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। যাঁদের মাথা গোঁজার মতো পাকা বাড়ি নেই, তাঁরা নিজেদের মোবাইল থেকেই এই আবেদন নথিভুক্ত করতে পারছেন। তবে নিজে না পারলে পরিবার বা প্রতিবেশীর সাহায্য নিয়েও কাজটি সম্পন্ন করা যাবে বলে রাজ্য প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে। যদিও সরকারি দপ্তরের মাধ্যমেও সমান্তরালভাবে সার্ভে প্রক্রিয়া সচল থাকছে।
প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই রাজ্যজুড়ে ২ লাখ ৩৫ হাজার ৯৫৫টি সফল সেল্ফ সার্ভে নথিভুক্ত হয়ে গিয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবেদনের সাড়া মিলছে সবচেয়ে বেশি। তালিকার শীর্ষে রয়েছে মালদহ জেলা, যেখানে সর্বাধিক ৫৫,৬৩২টি সার্ভে জমা পড়েছে। এর পরেই যথাক্রমে জলপাইগুড়ি ও কোচবিহারের স্থান। অন্যদিকে সবথেকে কম আবেদন জমা পড়েছে কালিম্পং ও পাহাড়ের এলাকাগুলোতে। কিন্তু কীভাবে করবেন এই মোবাইল সার্ভে? তার জন্য প্রথমেই স্মার্টফোনে প্লে-স্টোর থেকে ‘আবাস প্লাস ২০২৪’ এবং ‘আধার ফেস আরডি’ অ্যাপ দুটি ডাউনলোড করে নিতে হবে। এরপর নিজস্ব আধার ও জব কার্ডের তথ্য, পরিবার ও ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। সবশেষে বর্তমান কাঁচা বাড়ি ও নতুন বাড়ি তৈরির জায়গার ছবি তুলে আপলোড করে দিলেই স্ক্রিনে দেখা মিলবে কাঙ্ক্ষিত সফল বার্তা।
হিডেন স্টোরিজ নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন