কলকাতা: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে বিপদ। সক্রিয় নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর জোড়া ফলায় রাজ্যজুড়ে চরম আবহাওয়ার চোখরাঙানি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখাটি অমৃতসর, পাতিয়ালা, লখনউ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে আরেকটি অক্ষরেখা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় হয়ে সমুদ্রপৃষ্ঠের ৩.১ কিমি উচ্চতা পর্যন্ত ছড়িয়ে থাকায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে সোমবার বেলা গড়াতেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ কালো করে নেমে আসতে পারে বৃষ্টি। উপকূলের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে, বাকি জেলাগুলিতেও হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটারে।
দুর্যোগের এই রেশ জারি থাকছে মঙ্গলবারও। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা, সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। পিছিয়ে নেই উত্তরবঙ্গও; সোমবার সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। তবে মঙ্গলবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ ও বৃহস্পতিবারেও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে লাগাতার বৃষ্টি সত্ত্বেও গরম থেকে আপাতত মুক্তি নেই বঙ্গবাসীর। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে প্যাচপ্যাচে ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে বলেই স্পষ্ট জানিয়েছেন আবহাওয়াবিদরা।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন