আকাশের মুখভার কাটছে না, বরং ফের ঘনাচ্ছে বৃষ্টির মেঘ। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা। ফলে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবারের মধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর পাশাপাশি বর্ষাকালীন অক্ষরেখাও সক্রিয় রয়েছে। তার জেরেই আগামী দু’দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবারও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। নিম্নচাপ তৈরির সম্ভাবনায় সমুদ্রও ফের উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট থাকতে পারে। এরপর বড় কোনও সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন