কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘনিয়েছে নিম্নচাপ। আর তার জেরেই চলছে বৃষ্টি। শনিবার রাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় এমনই ছিল পরিস্থিতি। রবিবারও অবস্থার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল ক্রমশ শক্তি বাড়িয়ে হুহু করে এগোচ্ছে উপকূলের দিকে। এর জেরে রাজ্যজুড়ে ফের শুরু হতে চলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া এই নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে এগোবে। একই সঙ্গে পঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বর্ষাকালীন অক্ষরেখাও অত্যন্ত সক্রিয় রয়েছে।
এই আবহাওয়া পরিস্থিতির জেরে রবিবার থেকেই কলকাতায় ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, যা সোমবারও বজায় থাকবে। রবিবার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলা—পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে মঙ্গলবার পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকায় এবং ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কায় সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও আগামী কয়েক দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
হিডেন স্টোরিজ নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন