কলকাতাঃ জেলের সেলের ভিতরেই যেন ছোটখাটো ‘সেটআপ’! প্রেসিডেন্সি সংশোধনাগারের এক বন্দির সেল থেকে উদ্ধার হল একসঙ্গে একাধিক মোবাইল ও বৈদ্যুতিন সরঞ্জাম। মোবাইল ছাড়াও সেখান থেকে মিলেছে নগদ ৩১ হাজার টাকাও। কীভাবে জেলের ভিতরে এতগুলি সরঞ্জাম ও টাকা পৌঁছল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল ফোন। ওই সেলেই ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি আফতাব আহমেদ আনসারি। তাঁর বিরুদ্ধে জেলের ভিতর থেকে মোবাইল ব্যবহার করে যোগাযোগ রাখার অভিযোগের তথ্য পেয়েছিল পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে দু’টি রাউটার, ওয়াইফাই সংক্রান্ত যন্ত্র, দু’টি কার্ড রিডার, একটি পেন ড্রাইভ এবং ইয়ারফোন। এর পাশাপাশি পাঁচশো টাকার নোটে রাখা মোট ৩১ হাজার টাকা পাওয়া গিয়েছে। পুলিশের দাবি, জেলের ভিতর থেকেই আফতাব মোবাইল ব্যবহার করতেন। পাশাপাশি ইন্টারনেটও ব্যবহার করার তথ্য তাদের কাছে এসেছিল। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি দিয়ে তিনি কার সঙ্গে যোগাযোগ রাখতেন, তার তদন্তে নেমেছে পুলিশ। বিশেষ করে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো অ্যাপের মাধ্যমে কারও সাথে যোগাযোগ করা হয়েছিল কি না, সেই তথ্যও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
অন্যদিকে, জেলের ভিতরে একটি সেলে এতগুলি বৈদ্যুতিন সরঞ্জাম এবং নগদ টাকা কীভাবে পৌঁছল, সেটাই এখন তদন্তকারীদের কাছে বড় প্রশ্ন। কারা এর সঙ্গে যুক্ত, সন্ধান চালাচ্ছে পুলিশ। কারা কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দিদের হাতে মোবাইল পৌঁছনোর বিষয়টি নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৫ মে প্রেসিডেন্সি জেলে পরিদর্শন করেছিলেন শুভেন্দু অধিকারী। তখনই তিনি সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বলে জানা যায়।
বিষয় : presidency jail aftab ansari jail security

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন