কলকাতাঃ ক্যামাক স্ট্রিটের অশান্তির ঘটনায় তলব করা হয়েছিল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। কিন্তু হাজিরা এড়িয়ে গেলেন তিনি। সোমবার দুপুর ১২টার মধ্যে শেক্সপিয়র সরণি থানায় হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন সাংসদ। সূত্রের খবর, এবার তাঁকে ফের নোটিস পাঠানোর প্রস্তুতি শুরু করেছে পুলিশ।
গত ২৭ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুরসভার আধিকারিকরা বিলবোর্ড খুলতে গেলে অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েনও। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রবিবার তাঁকে নোটিস দিতে তাঁর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে যায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। নোটিসে সোমবার দুপুর ১২টার মধ্যে থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে থানায় হাজিরা দেননি তৃণমূল সাংসদ।
সূত্রের খবর, আইনজীবীর মাধ্যমে যে চিঠি পাঠিয়েছেন, তাতে সাত দিন সময় চাওয়া হয়েছে। ফলে এই পরিস্থিতিতে তাঁকে ফের নোটিস পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। সেই প্রক্রিয়া শুরু করার প্রস্তুতিও চলছে বলে জানা গিয়েছে। এদিকে ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশি তলবের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং বুধবার তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে থানায় হাজির হতে বলা হয়েছে।
বিষয় : Abhishek Banerjee Derek O'Brien

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন